ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ কার্যক্রমে অনিয়ম খুঁজতে কমিটি করা হয়েছে। উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে ওই কমিটিতে সব অনুষদ ডিনকে রাখা হয়েছে। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা যাচাইয়ে কমিটি ছাড়াও বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে ‘হেকেপ’ প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রম পর্যালোচনা এবং প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখতেও আরেকটি কমিটি করা হয়েছে। খবর বিডিনিউজের।
উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করার কথা বলছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘অবস্থানের’ অভিযোগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬৮ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।












