আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি-জামায়াত রীতিমত কম্পিটিশন করছে : নাহিদ

তাৎক্ষণিক জবাবে যা বললেন ফখরুল-আযাদ

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী রীতিমত কম্পিটিশন করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন, এখন এই যে ভোটটা নেবে, তার তো কিছু সিম্পটম দেখাইতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দেবে। গতকাল মঙ্গলবার ডেইলি স্টারের নির্বাচন বিষয়ক এক সংলাপে বিএনপি ও জামায়াতের দিকে এ অভিযোগের আঙুল তোলেন এনসিপি নেতা নাহিদ।

সংলাপের এক পর্যায়ে একজন আওয়ামী লীগের লোকদের বিএনপিতে নেওয়ার কথা তুললে সংলাপের অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে বলেন, আমার মনে হয় এই প্রশ্নটা আপনি জেনারালাইজড করতে পারেন না। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে। আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি, আমাদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। আপনি যেটা বলছেন বা যেভাবে বলছেন আমার মনে হয় সেই ধরনের কোনো ইন্সট্যান্স আপনি দেখাতে পারবেন না এখন পর্যন্ত।

ফখরুল বলেন, পত্রপত্রিকায় বিভিন্ন নিউজের প্রেক্ষিতে কিন্তু চূড়ান্তভাবে কিছু বলা যায় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি। আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করবঅতটা দেউলিয়াত্ব এখনও আমাদের আসেনি। খবর বিডিনিউজের।

সংলাপের সঞ্চালক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ প্রশ্নকর্তার সঙ্গে সম্পূরক তথ্য হিসেবে বলেন, বিএনপির মত একই অভিযোগ জামায়াতের ক্ষেত্রেও রয়েছে। এর জবাব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

কামাল আহমেদ কুমিল্লার একটি ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করলে আযাদ বলেন, পত্রিকায় সব কথা সত্য প্রকাশ হয় না ভাই। সব কথা হয় না। এটা আপনারা জানেন যে ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ফ্যাক্ট চেকিংয়ের একটা উইং থাকে, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় আমি বিশ্বাসী, গণতন্ত্রের জন্য এটি একটি অপরিহার্য বিষয়। এটা আমি বিশ্বাস করি, এটাকে সম্মান জানিয়ে আমি বলতে চাইএটা আমি ডিফার করছি। আমাদের দলে একটি ঘটনাও এরকম নেই। আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটা ডিফার করলাম। আর এটা তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করাএটা কোন ধরনের মানসিকতা? এটার প্রশ্নই ওঠে না। সেই জন্য এই ধরনের কোনো রাজনৈতিক দল আমি বলতে পারব না, আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অগোচরেও যদি কিছু হয়ে থাকে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

তখন নাহিদ ইসলাম কথা বলার সুযোগ নিয়ে দুটি দলের ক্ষেত্রেই এমন অভিযোগ থাকার উদাহরণ দেন। এনসিপির আহ্বায়ক বলেন, যদি রিসেন্ট একটা উদাহরণ দিই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন ২০০ আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছে ঘটা করে আয়োজন করে; মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করছে। যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এরকম একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করা।

তবে সংবাদে কী এল বা না এল, তাতে গুপ্ত রাজনীতির চর্চায় সব খবর আসা সম্ভব না বলে মন্তব্য করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, এইসব নিউজ, ফেইক নিউজ, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় কী উঠেছেএইটা নিয়ে তর্ক করে লাভ নেই। কারণ আপনি খোঁজ পাবেন না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে যোগদান যেমন হয়, আমরা তো দেখেছি পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগ এর এঙিকিউটিভ কমিটিতে মেম্বারশিপ রেখেছেইনফিল্ট্রেশন। দ্য কালচার অব ইনফিল্ট্রেশন (অনুপ্রবেশ) ইজ দেয়ার। খুঁজে পাবেন কীভাবে? সুতরাং অতীতেও দেখেছি এবং গণঅভ্যুত্থানের পরে এখন যে এটা হচ্ছে না এটা বলব না। আমি জোর দিতে চাই অন্য জায়গায়। ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হল ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেখান থেকে জন্ম নেয়, সেইটাকে নির্মূল করে দেওয়া। এবং সেইটা হল আমার সুনির্দিষ্ট রায়ে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা। এইখান থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে।

সেলিম বলেন, কেউ কেউ আবার বলে যে আমাদেরকে তো এখনো দেখেন নাই। একবার ট্রাই করে দেখেন না। আমি বলব ৭১ সালে দেখেছি, প্রভিনশিয়াল গভার্নমেন্টের চারটা মন্ত্রী ছিল আপনাদের। ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আরও দেখেছি আপনাদেরকে।

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার দিকে ইঙ্গিত করে নতুন প্রজন্মকে ইতিহাসের ধারাবাহিকতা থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করেন সিপিবি নেতা সেলিম। তিনি বলেন, আমি নেগেটিভলি বলতে চাচ্ছি না, আমি পজিটিভ জায়গা থেকে বলছি। আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কিন্তু নতুনভাবে সমস্ত কিছু ভাবতে হবে। এবং নতুন প্রজন্ম, জেনজি এবং অন্যরা, তরুণ প্রজন্ম যে অসাধারণ কৃতিত্ব দেখাল, আমি খালি তাদেরকে অনুরোধ করব যে ইতিহাসের ধারাবাহিকতা থেকে শিক্ষা নিয়ে যদি পথ রচনার চেষ্টা না করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধভরি ২ লাখ ২৬ হাজার টাকা ছাড়ালো
পরবর্তী নিবন্ধমহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়ম, ডিলারকে ২ মাসের কারাদণ্ড