আউটার স্টেডিয়ামে দিনব্যাপী ক্যাটেল এক্সপো কাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে কাল দিনব্যাপী ‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২’। ক্যাটেল ফার্মাস কমিউনিটি এবং ইউনিট্রেড ইভেন্টস আয়োজনে মেলায় প্রাকৃতিকভাবে প্রতিপালন করা ৩২টি এগ্রো ফার্মের ১০০টি ষাড় প্রদর্শিত হবে। এ উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২’ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন জ্যাকি।
তিনি আরো বলেন, দেশের শিক্ষিত তরুণ উদ্যোক্তারা খামারি খাতে সম্পৃক্ত হওয়ায় মাংস জাতীয় খাদ্যের যোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনেক শিক্ষিত তরুণ আত্মকর্মসংস্থানের পাশাপাশি আরও অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দিনব্যাপী মেলায় থাকবে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশন-শো এবং বরেণ্য অতিথিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের জেগে ওঠার গল্প গাঁথা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যাটেল এঙপোর প্রধান সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ইউনিট্রেড ইভেন্টসের প্রধান নির্বাহী মুহাম্মদ ওসমান গণি, সদস্য সচিব ওয়াসিফ আহমেদ ছালাম, অর্থ সচিব আব্দুল্লাহ মোহাম্মদ ইমরান, সদস্য রবিউল হাসান আরমান। সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ক্যাটেল এঙপো-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে ঐক্য ও স্বচ্ছতা থাকা দরকার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির দুর্গম হারুবিলে নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ