আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে

জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে মীর হেলাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশের পেশাজীবীদের যে কোনো ধরনের সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক। চট্টগ্রামের আইনজীবীদের দীর্ঘদিন ধরে চেম্বারের যে সমস্যা রয়েছে তা সমাধানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের ভরসার জায়গা দেশের আইন প্রাঙ্গণ। সুতরাং শুধু ভবনই নয়; আইনজীবীদের আরও যেসব সমস্যা রয়েছে তা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরো বলেন, নিজেদের আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলে দেশের বিচার ব্যবস্থার উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, আইন পেশা কেবল কোনো সাধারণ জীবিকা নয়, এটি অত্যন্ত মহৎ ও মর্যাদাপূর্ণ একটি পেশা। আইনজীবীদের মূল লক্ষ্য হওয়া উচিত আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপিড়ীত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার সুনিশ্চিত করা। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করার জন্য নবীন আইনজীবীদের আহবান জানিয়ে বলেন, বিগত ১৭ বছর আইনের শাসন যেভাবে ভূলন্ঠিত হয়েছে তা যেন আর না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান আইনজীবীদের চেম্বার সংকটের বিষয় তুলে ধরে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। প্রতিমন্ত্রীর কাছে তিনি আইনজীবীদের চেম্বার সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। তিনি বলেন, আমাদের সমিতির সদস্য সংখ্যা প্রায় ৯ হাজারের অধিক। অথচ আইনজীবীদের বসার জন্য পর্যাপ্ত চেম্বারের ব্যবস্থা নেই। এই তীব্র চেম্বার সংকটের কারণে অনেক আইনজীবী প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পিপি মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন। সমিতি থেকে জানানো হয়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবীন আইনজীবীদের হাতে তাদের পেশাগত সনদ তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক
পরবর্তী নিবন্ধদায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী