অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, আগামী বছরের বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলা টাইগারদের জন্য একটি বড় সুযোগ। অস্ট্রেলিয়া সিরিজকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করেন মিরাজ। অসিদের বিপক্ষে সেরা পারফরমেন্সের জন্য বাংলাদেশ দল মুখিয়ে আছে বলে জানা তিনি। মিরাজ বলেন, ‘অনেক দিন পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলতে যাচ্ছি। দল হিসেবে আমরা সবাই এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত এবং অধিনায়ক হিসেবে আমিও খুব উত্তেজিত। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, তবে সেটি দলের জন্য ইতিবাচক হবে। কারণ প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ সামপ্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন অভিজ্ঞ মিডল–অর্ডার ব্যাটারদের বিদায়ের পরও বর্তমান ব্যাটিং ইউনিটের উপর ভরসা রাখছেন মিরাজ। তিনি বলেন, ‘তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস ধারাবাহিকভাবে রান করে চলেছে। আমার মনে হয়, এখন আমাদের খুব ভালো সমন্বয় তৈরি হয়েছে।’ মিরাজ বলেন, ‘রিশাদ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার। তার উপর আমাদের ভরসা আছে। তবে টি–টোয়েন্টি এবং ওয়ানডে ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে তার উন্নতি করা প্রয়োজন এবং আমি বিশ্বাস করি, সুযোগ এলে সে বুঝে যাবে তাকে কি করতে হবে।’ মিরপুরের উইকেট স্পিন বোলিংয়ের জন্য সহায়ক হতেই হবে, এমন ধারনার সাথে একমত নন মিরাজ। তিনি জানান, এমন মানসম্মত উইকেট প্রয়োজন যেখানে খেলে বড় টুর্নামেন্টের আগে ব্যাটার ও বোলাররা আত্মবিশ্বাস বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটে জিততে পারলে ব্যাটার ও বোলার উভয়ই আত্মবিশ্বাসী হবে।’ অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হলেও, এটিকে খেলার অংশ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি জানান, বাংলাদেশ সর্বশেষ তিনটি সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।











