চট্টগ্রাম নগরী থেকে অবৈধ ব্যাটারি রিকশা বন্ধ করা সহ চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ১৩ নভেম্বর নগরীর বাহির সিগনেল মোড়ে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও থানার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
চান্দগাঁও থানা সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন হাসান মোল্লা, মোহাম্মদ আলম, মো. রুবেল, আবুল হোসেন, মোহাম্মদ আজাদ, মো. বাবুল, নিজাম উদ্দিন, শাহজাহান, ঝন্টু, আবদুল কাদের, সাহাব উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। প্রধান অতিথি বলেন, নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার কারণে প্রতিদিন ঘটনা-দুর্ঘটনায় পতিত হচ্ছে যাত্রী সাধারণ। নগরীর অলি গলিতে চলাচলেও বিঘ্নতা সৃষ্টি করছে এসব অবৈধ রিকশা। স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকোর্ট এ সব রিকশা বন্ধ করার জন্য কঠোর নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। যা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি আরো বলেন, ব্যাটারী রিকশা বন্ধসহ ৭দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সভা-সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।













