সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সন্তান আবদুর রশিদের একমাত্র পুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান (৭৮) গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃতুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্নীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ শুক্রবার বাদে আছর চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী জামে মসজিদ প্রাঙ্গণে ও বাদে এশা কুমিরার নিজ গ্রামের বাড়ির স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এদিকে ড. মোহাম্মদ সোলায়মানের ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। উপাচার্য ও উপ–উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












