জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সাংবাদিকের ওপর হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীকে ডাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়–এর চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দুজন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে যান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরোধের সূত্রপাত প্রায় এক সপ্তাহ আগে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভৈরব বর্মণ তখন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীর সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থী রাকিন এসে এক নবীনকে ডেকে নিয়ে যান। এতে আপত্তি জানান ভৈরব। তিনি নবীনদের রাকিনের সঙ্গে না যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। পুরোনো বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার রাতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। রাত ১২টার দিকে শুরু হওয়া ওই আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও কথা–কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।

এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক ও আব্দুল্লাহ এবং পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়ামসহ পাঁচজনের সঙ্গে তার বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য রাতে ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় বসেছিলেন। কিন্তু অভিযুক্তরা পরিস্থিতি উত্তপ্ত করে তার বন্ধুদের মারধর শুরু করেন। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকিন ও আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক আমাদের সময়–এর চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, ভিডিও ধারণ শুরু করলে প্রথমে বাধা দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ। পরে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব ঘটনাস্থলে গিয়ে মিসবাহর সাংবাদিক পরিচয় নিশ্চিত করেন। এরপরও তার ওপর হামলা চালানো হয়। যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ এবং ২০২২–২৩ শিক্ষাবর্ষের গোবিন্দ মোদক তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে অরিন ঘোষ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব ও সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবীমা খাতে যখন হাত দিয়েছি, পাওয়ারফুল লোকজন বাধা দিতে শুরু করেছে : অর্থমন্ত্রী