কক্সবাজারে উপজেলা পরিষদের পুকুরে কিশোর নিখোঁজ, চার ঘণ্টায়ও মেলেনি সন্ধান

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:২৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়েও কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পুকুরের পাড় থেকে কিশোরের একটি সাইকেল, এক জোড়া জুতা ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। এসব জিনিসের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এই পুকুরে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার দুর্ঘটনা ঘটলেও পুকুরের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় লোকজন পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রিজন ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান, ২৪ নেতাকর্মী কারাগারে