আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ২৮ নভেম্বর শনিবার শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হবে। খেলা শেষে হবে পুরস্কার বিতরণ ও কনসার্ট। দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম আয়েজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা লড়াইয়ে নামবে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি এবং ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। সকাল ১১টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। খেলা শেষে বিকাল ২টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে বিকাল ৪টায় শুরু হবে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স সহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর পরিবেশনায় কনসার্ট।
এদিকে ফাইনাল খেলা ও কনসার্ট অনুষ্ঠানের পূর্বে গতকাল বার বিকালে শহীদ শাহজাহান মাঠে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে আসার জন্য খেলাধুলা হল অন্যতম মাধ্যম। তাই তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলা ও মাঠমুখী করতে আমাদের এই আয়োজন। মোশাররফ হোসেন দিপ্তী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের পর আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তির কাছাকাছি এসেছি। এ জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে বেগম খালেদা জিয়া স্মৃতি মহানগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছি। শীঘ্রই টুর্নামেন্টের কার্যক্রম আমরা শুরু করব। সংবাদ সম্মেলনে তিনি ক্রীড়াপ্রেমী সর্বস্থরের দর্শক ও সংগীত প্রেমী তরুণ প্রজ্জন্মের সকলকে সুশৃঙ্খলভাবে ফাইনাল ম্যাচ ও কনসার্ট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। অন্যান্য দিনের মতো মাঠে ফাইনাল খেলা দেখতে আসা শিক্ষার্থীসহ দর্শকদের জন্য র্যাফেল ড্র ও পুরস্কারের ব্যবস্থা থাকবে। সংবাদ সম্মেলনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, মহিলা দল সিনিয়র সহ সভানেত্রী সকিনা বেগম, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, জাহিরুল হক টুটুল, আরিফুর রহমান মাস্টার আরিফ, ইউনুছ মুন্না, শওকত খান রাজু, ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, বাদশা আলমগীর, সাইফুল আলম, জহিরুল ইসলাম জহির, সাবেক কোচ মাহাবুব আলম, বিএনপি ও অঙ্গ সংগঠন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৫ নভেম্বর থেকে ২৪টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল।












