এবার লক্ষ্যমাত্রা দেড় লাখ লিটার খেজুর রস

মীরসরাইয়ে গাছিদের ব্যস্ততা

মাহবুব পলাশ, মীরসরাই | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হেমন্তের শেষ দিক। অগ্রহায়ণের এ সময়ে মীরসরাইয়ে খেজুরগাছের পরিচর্যায় গাছিদের মাঝে ব্যস্ততা বেড়ে যায়। তাদের ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পর মিলবে খেজুরের রস। মীরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর দেড় লাখ লিটার খেজুরের রস সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দিনে তা আরো বৃদ্ধি পাবে।

একসময় উপজেলার উপকূল অঞ্চলে সারি সারি খেজুরগাছ ছিল। অর্থনৈতিক জোনের কারণে অনেক গাছ কেটে ফেলতে হয়েছে। তবে কৃষি বিভাগ জানায়, অর্থনৈতিক জোনে প্রায় ৩ হাজার খেজুরগাছ কাটা পড়লেও তার সমপরিমাণ গাছ ইতোমধ্যে লাগানো হয়েছে।

মীরসরাই উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, এবার উপজেলায় ৫ হাজারের বেশি খেজুরগাছ থেকে হাজারের মতো গাছির অধীনে খেজুরের রস সংগ্রহ করা হবে। এতে প্রতি গাছে মৌসুমে ৩০০ লিটার করে অন্তত দেড় লাখ লিটার খেজুরের রস সংগ্রহ হবে। এর মধ্যে গুড় হতে পারে প্রায় ৫০০ কেজির মতো।

প্রতিবারের মতো এবারও সবার আগে খেজুরগাছে হাঁড়ি বসানোর প্রস্তুতি নিতে গাছ পরিচর্যায় ব্যস্ত বগাচতর গ্রামের গাছিরা। উপজেলার ডোমখালী ও বগাচতর গ্রামে সবার আগে গাছিদের ব্যস্ততা বাড়ে।

সাহেরখালী গ্রামের গাছি কৃষক রবিউল হোসেন (৪৫) বলেন, গত বছর ৪০টি গাছে হাঁড়ি দিয়েছিলাম। এবার পাঁচটি কমেছে। এবার দৈনিক ২০ লিটার কম রস পাব। তবুও পুষিয়ে নেব। আগামী দিনে নতুন খেজুরগাছ কাটতে পারলে আয় বাড়বে বলে জানান তিনি।

বগাচতর গ্রামের গাছি মাহবুব আলম (৫২) বলেন, আমি কৃষক। নিজের জমি ও বর্গা জমিতে চাষ করি। পাশাপাশি মৌসুমি সবজি ও ধানের চাষ করি। খেজুরগাছ আমাদের মৌসুমি রোজগার। তিনি জানান, এ এলাকায় একসময় দুই শতাধিক গাছ ছিল। বজ্রপাতে কিছু গাছ মরে গেছে। নতুন গাছ রোপণ না করায় এখানে গাছের সংখ্যা কমছে। নতুন কিছু গাছ রসের জন্য প্রস্তুত করতে কয়েক বছর লাগবে বলে জানান তিনি।

গ্রামীণ জনপদে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে খেজুর রস দিয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে। এ এলাকায় খেজর রস আগুনে জ্বাল দিয়ে তৈরি করা হয় ‘রাফ’। রাফ দিয়ে পিঠা খাওয়া খুবই স্বাদের।

মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, কয়েক বছর ধরে ব্যাগে ও বীজের মাধ্যমেসহ নানাভাবে খেজুরগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধসাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক