সৌদির সড়কে থামল আশরাফের স্বপ্ন

ফ্রিজার ভ্যান দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

দেশে ছুটিতে এসে তিন মাস আগে বিয়ে করেছিলেন আশরাফ উদ্দিন রনি (২৬)। দুমাস আগে ফিরে যান কর্মস্থল সৌদি আরবে। স্বপ্ন ছিল আবার দেশে ফিরবেন। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় থেমে যায় তার স্বপ্ন। গতকাল শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এক পাহাড়ি সড়ক দিয়ে নিচে নামার সময় তাকে বহনকারী ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মৃত্যু হয় আশরাফ উদ্দিন রনি ও আরেক বাংলাদেশি কামরুল হাসানের। কামরুলের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ফ্রিজার ভ্যানটির চালক ছিলেন।

নিহত আশরাফ উদ্দিন রনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ধনমিয়া সর্দার পাড়ার এলাকার মফিজুল ইসলাম প্রকাশ কালা মিয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জানা গেছে, একটি ফ্রিজার ভ্যানে করে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজানের দিকে যাওয়ার পথে পাহাড়ি সড়ক দিয়ে নিচে নামার সময় ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালক কামরুল হাসান ও পাশে থাকা আশরাফ উদ্দিন রনির।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা, খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন বলেন, দুই মাস আগে ছুটি কাটিয়ে সৌদি আরব নিজ কর্মস্থলে ফিরে যান আশরাফ। শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ সৌদি আরবের জেদ্দায় বড় ভাইয়ের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতেন। প্রায় তিন মাস আগে তিনি বিয়ে করেন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে সৌদি আরবে যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে।

পূর্ববর্তী নিবন্ধইউনেস্কোর প্রতিবেদন প্রাথমিকে শিক্ষা
পরবর্তী নিবন্ধসৌদিতে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু