উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম–কাপ্তাই সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছুটির দিন বিকেলে গন্তব্যে ফেরা সাধারণ যাত্রী, নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে সড়কে বসে পড়েন তারা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ‘মানি না মানব না, শরীফুলকে মানি না’, ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আবির বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ প্রায় ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা কিংবা নতুন করে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে দ্রুত এই সংকটের সমাধান চাই।’
তিনি আরও বলেন, ‘অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসেবে মানি না। কোনো ধরনের হুমকির মুখে আমরা আন্দোলন বন্ধ করব না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব।’
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুর রাজ্জাক প্রান্ত বলেন, ‘আজ অর্ধবেলা সড়ক অবরোধের কর্মসূচি থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করেছি। সরকারকে অনুরোধ করব, দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে দিন।’
সড়ক অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে শিক্ষকদের আবাসিক এলাকা ও কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য (ভাইস–চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শুক্রবার সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের (২০২৬–২০২৭) এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দাবির প্রেক্ষিতে আগামীকাল রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–২–এর সামনে থেকে মৌন মিছিল বের করা হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কর্মসূচিকে শিক্ষক সমিতি সমর্থন করে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সংকট নিরসনের দাবিতে ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র চত্বরে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চুয়েট শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে মিছিল নিয়ে কাজীর দেউড়ি মোড় ঘুরে পুনরায় আইইবি প্রাঙ্গণে ফিরে আসেন তাঁরা। সে সময় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম শিক্ষার্থীদের দাবি ও সংকটের বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
টানা ৩৬ দিন অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাখেন আন্দোলনকারীরা। এরপরও অচলাবস্থার নিরসন না হওয়ায় প্রায় এক মাস পর গত বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা, যার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।












