ইনানীর গ্যাসের আগুন ৩১ দিন পর নিয়ন্ত্রণে

নমুনা সংগ্রহ, ৬৭৫ বর্গকিমি এলাকায় জরিপের প্রস্তুতি বাপেক্সের

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকার নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন অবশেষে ৩১ দিনের মাথায় নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শুক্রবার সকালে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) কারিগরি দল। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ঘটনাস্থল থেকে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছে সংস্থাটির ভূতাত্ত্বিক জরিপ দল। এসব নমুনা পরীক্ষার মাধ্যমে গ্যাসের উপাদান ও রাসায়নিক গঠন নির্ণয় করা হবে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও কূপ থেকে গ্যাসের নির্গমন পুরোপুরি বন্ধ হয়নি। ডাইভার্টার পদ্ধতিতে গ্যাসের প্রবাহ মূল নির্গমনস্থল থেকে প্রায় ৪৫ ফুট দূরে সরিয়ে সেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে। পরবর্তী ধাপে কূপের ভেতরের গ্যাসের প্রবাহ সম্পূর্ণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ইনানী কাঠামোর প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানোর প্রস্তুতি নিচ্ছে বাপেক্স। এর মাধ্যমে ওই এলাকায় গ্যাসের সম্ভাব্য উৎস, বিস্তৃতি ও মজুতের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হবে।

বাপেক্সের ড্রিলিং সুপারভাইজার মোহাম্মদ রকিবুল হাসান জানান, গতকাল সকালে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট সহযোগিতা করে। এর আগে গত বৃহস্পতিবার সকালে প্রথম দফায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও নিয়ন্ত্রণে আনার সাত মিনিটের মাথায় আবার আগুন জ্বলে ওঠে। পরে দ্বিতীয় দফার প্রচেষ্টায় গতকাল শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

রকিবুল হাসান বলেন, কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ায় আগুন নিয়ন্ত্রণের অভিযান সফল হয়েছে। বর্তমানে মূল নির্গমনস্থল থেকে দূরে সরিয়ে গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। এটি একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এখন কূপের ভেতরে থাকা ড্রিল পাইপগুলো একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করে প্রায় এক হাজার ফুট গভীরতায় নেওয়া হবে। এরপর পানির সঙ্গে বেনটোনাইট নামের বিশেষ ধরনের কাদামাটি মিশিয়ে ঘন তরল তৈরি করা হবে। উচ্চচাপের পাম্পের সাহায্যে ওই তরল কূপের ভেতরে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে। তিনি জানান, এ প্রক্রিয়ায় কূপের ভেতরে গ্যাসের চাপের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় মাড বা কাদামিশ্রিত তরল ব্যবহারের মাধ্যমে গ্যাসের প্রবাহ বন্ধ করা গেলে পরবর্তী সময়ে আর গ্যাস বের হওয়ার ঝুঁকি কমবে। এরপর ভূতাত্ত্বিক তথ্য ও পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ঘটনাস্থল থেকে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দল। দলটির নেতা এস এম নাফিফুন আরহাম জানান, ২৭ অক্টোবর গ্যাস নির্গমন শুরু হওয়ার পর আগুনের তীব্রতা ও তাপের কারণে নিরাপত্তার স্বার্থে এত দিন ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনে ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়ার পর নমুনা সংগ্রহের নিরাপদ পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, গ্যাসের প্রকৃত উপাদান সংগ্রহ এবং নমুনায় বাতাসের সংমিশ্রণ এড়াতে ওয়াটার ডিসপ্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ পদ্ধতিতে দুটি বোতলে গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো বাপেক্সের পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল থেকে গ্যাসের রাসায়নিক উপাদান ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে। সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী অনুসন্ধান ও কারিগরি কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।

ইনানী এলাকায় গ্যাসের উপস্থিতি নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় এবার বিস্তৃত ভূতাত্ত্বিক অনুসন্ধানে যাচ্ছে বাপেক্স। সংস্থাটির ভূতাত্ত্বিক জরিপ দলের নেতা এস এম নাফিফুন আরহাম জানান, ইনানী স্ট্রাকচারের প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১২০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাপেক্সের জরিপ দল প্রস্তুত রয়েছে এবং স্বল্পতম সময়ের মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করবে।

এই জরিপের মাধ্যমে এলাকার ভূগর্ভের গঠন, শিলাস্তরের বিন্যাস, টেকটোনিক পরিস্থিতি, ফল্ট ও ফ্র্যাকচার এবং সম্ভাব্য গ্যাসের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। সহজভাবে বলতে গেলে, ভূগর্ভের কোন স্তরে গ্যাস জমা থাকতে পারে, গ্যাসের সম্ভাব্য উৎস কোথায় এবং তা কতটুকু বিস্তৃত–এসব বিষয় অনুসন্ধান করা হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর সম্ভাব্য গ্যাসের মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সুযোগ রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে।

বাপেক্সের কর্মকর্তাদের মতে, একটি স্থানে গ্যাসের নির্গমন দেখা গেলেই সেখানে বড় গ্যাসক্ষেত্র রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। গ্যাসের নমুনা পরীক্ষা, ভূতাত্ত্বিক জরিপ এবং পরবর্তী অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে এর প্রকৃত উৎস, বিস্তৃতি ও মজুত সম্পর্কে নিশ্চিত হতে হবে। ফলে ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আসা অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও গ্যাসক্ষেত্র আবিষ্কার কিংবা বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতা থেকে প্রথমে পানি এবং পরে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে। প্রথম দিকে ঘটনাটিকে সীমিত পরিসরের পকেট গ্যাসের উপস্থিতি মনে করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কিন্তু ১৫ দিন পরও আগুন অব্যাহত থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাপেক্সের বিশেষজ্ঞ দল। এরপর আগুন নিয়ন্ত্রণ ও কূপের মুখ সুরক্ষিত করার পরিকল্পনা নেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে বাপেক্সের দল অভিযান শুরু করে। প্রথম দফায় ব্যর্থ হলেও দ্বিতীয় দফার প্রচেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।

বাপেক্সের কর্মকর্তারা জানান, পুরো অভিযান সংস্থাটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় এখন গ্যাসের নমুনা পরীক্ষা ও বিস্তৃত ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে ইনানী এলাকার সম্ভাব্য গ্যাসসম্পদ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমি বাংলা মাল ব্যবহার করি না, হাত ছিঁড়ে যায়
পরবর্তী নিবন্ধলুঙ্গিতে মোড়ানো দুটি ব্যাগে ৭ কোটি টাকার ইয়াবা টেকনাফ সীমান্ত