কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এর আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। গত বৃহস্পতিবার টেকনাফের জীম্বংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুজন ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা তাদের বহন করা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগের ভেতর থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।












