চবির ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ডিপিপিতে

হাসপাতাল প্রতিষ্ঠা, নার্সিং, মেডিসিন, এআই ডেটা সায়েন্সসহ নতুন বিভাগ চালুর উদ্যোগ

মো. শামীম হোসাইন, চবি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষার প্রচলিত গণ্ডি পেরিয়ে গবেষণা, চিকিৎসা শিক্ষা, শিল্প–একাডেমিক সহযোগিতা ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ লক্ষ্য বাস্তবায়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প ডিপিপিতে ইতিমধ্যে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকল্পের আওতায় ৫০ শয্যার স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নার্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অটোমোবাইলসের মতো সময়োপযোগী বিষয়ে নতুন বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। গবেষণায় শিক্ষার্থীদের জন্য মাসিক সর্বোচ্চ ৪০ হাজার টাকা বৃত্তি এবং শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ৩০ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা ও গবেষণার পরিবেশ বদলে দিয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার বৃহত্তর লক্ষ্য নিয়েই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্‌–ফোরকান এসব পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়েছেন। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।

৪,১৯৯ কোটি টাকার প্রকল্পে চিকিৎসাশিক্ষার নতুন দিগন্ত : বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় চিকিৎসাশিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৪ হাজার ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য জানান, এ প্রকল্পের আওতায় ৫০ শয্যার একটি স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিজস্ব উদ্যোগে এমবিবিএস চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় প্রশাসন। শুধু চিকিৎসাসেবা প্রদান নয়, চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে এ উদ্যোগের পেছনে। এ জন্য নতুন বিভাগ হিসেবে নার্সিং চালুর পরিকল্পনাও করা হচ্ছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষা কাঠামোর সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক উচ্চশিক্ষার নতুন ক্ষেত্র যুক্ত হবে।

এআই, ডেটা সায়েন্স ও অটোমোবাইলসে নতুন বিভাগ : চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং প্রযুক্তিনির্ভর কর্মবাজারের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে নতুন কয়েকটি বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপাচার্য জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং বিভাগ চালুর প্রস্তাব আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। পরে এসব বিভাগের অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হবে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। সেই বাস্তবতায় নতুন বিষয়গুলো চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গবেষণায় শিক্ষার্থীদের মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি : বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপাচার্য জানান, এমএসসি থিসিসের শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার টাকা, এমফিল গবেষকদের ১৫ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গবেষণায় তত্ত্বাবধানকারী শিক্ষকদেরও সম্মানিত করার উদ্যোগ রয়েছে। গবেষণাকে কেবল ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে মৌলিক জ্ঞান সৃষ্টি ও বাস্তব সমস্যার সমাধানের মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায় প্রশাসন।

শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ৩০ লাখ টাকা বরাদ্দ : গবেষণাকে বাস্তব শিল্প ও অর্থনীতির সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে তাদের উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য। পরে এসব সমস্যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো শিক্ষক বা গবেষক নির্দিষ্ট সমস্যার সমাধানে কাজ করতে আগ্রহী হলে গবেষণা সেলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন করা হবে। এ ধরনের গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। উপাচার্যের মতে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা সম্পর্কে আস্থা তৈরি করা যেমন জরুরি, তেমনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিজেদের সক্ষমতা তুলে ধরতে হবে। এত দিন শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ধরনের যোগাযোগ ও পারস্পরিক আস্থার ঘাটতি ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনতে চায় প্রশাসন।

ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল গঠন : শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গঠন করা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল। গত ৪ নভেম্বর শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন পরিচালক ও একজন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। তাঁদের প্রধান কাজ হবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা সংগ্রহ ও সমন্বয় করা এবং সেগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগে পৌঁছে দেওয়া। প্রয়োজনে যৌথ গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা এবং দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন উপাচার্য। তাঁর মতে, শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে উভয় পক্ষই উপকৃত হবে। এ জন্য প্রয়োজনীয় গবেষণা অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

কিউএস র‌্যাংকিংয়ে এগোনোর লক্ষ্য : আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান দৃঢ় করতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য জানান, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও বায়োলজিক্যাল সায়েন্সের কয়েকটি ক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এটিকে ভালো ইঙ্গিত হিসেবে দেখলেও বর্তমান অবস্থানে সন্তুষ্ট নয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক, গবেষক ও অন্যান্য সম্পদকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ লক্ষ্যে শিক্ষকদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেছেন, অনেক শিক্ষক বিদেশে বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় অংশ নিলেও সেসব কার্যক্রমের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে থাকত না। ফলে শিক্ষকদের ব্যক্তিগত দক্ষতা ও যোগাযোগ বাড়লেও সেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও র‌্যাংকিংয়ে কাজে লাগানোর সুযোগ সীমিত ছিল। এখন থেকে দেশি–বিদেশি যেকোনো সম্মেলন বা কর্মশালায় অংশ নেওয়ার আগে শিক্ষকদের আন্তর্জাতিক সেলকে অবহিত করতে হবে। একই সঙ্গে বিদেশ থেকে ফিরে নিজ নিজ অনুষদ বা বিভাগে সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র নিয়ে আলোচনা ও উপস্থাপনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ওবিই পদ্ধতিতে শিক্ষায় গুণগত পরিবর্তনের প্রত্যাশা : শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়নকেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের মতে, এ পদ্ধতি চালুর ফলে আগে একাডেমিক কাজে তুলনামূলক কম সম্পৃক্ত থাকা শিক্ষকদের মধ্যেও পাঠদান ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ বেড়েছে। এ ব্যবস্থাকে টেকসই করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। তিনি মনে করেন, ওবিই পদ্ধতি শুধু পাঠ্যক্রমের পরিবর্তন নয়; বরং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও বাস্তব প্রয়োগের সক্ষমতা মূল্যায়নের একটি কার্যকর কাঠামো। তাই এ পদ্ধতির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনার পরিবেশে গুণগত পরিবর্তন আনতে চান তিনি।

প্রথম বর্ষেই দক্ষতা প্রশিক্ষণ, শেষ বর্ষে ইন্টার্নশিপের সুযোগ : শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মজীবনের জন্য প্রস্তুত করতে প্রথম বর্ষ থেকেই বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস শিক্ষার্থীদের সফট স্কিল ও বিভিন্ন কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে চার বছর মেয়াদি স্নাতক শিক্ষার শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ চালুর পরিকল্পনাও রয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ইন্টার্নশিপ ফেলোশিপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। উপাচার্যের মতে, এর ফলে শিক্ষার্থীদের বাসাভাড়া কিংবা টিউশনি নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। তাঁরা আর্থিক চাপ কিছুটা সামলে ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে মনোযোগ দিতে পারবে। তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপসংক্রান্ত প্রস্তাবগুলো ইতিমধ্যে ইউজিসিতে পাঠানো হয়েছে। কমিশন প্রস্তাবগুলো নিয়ে ইতিবাচকভাবে পর্যালোচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী পাঁচ বছরে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় : আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান উপাচার্য। তবে এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও একাডেমিক মনোযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সুযোগ সৃষ্টি করতে চায়। নতুন নতুন পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো বাস্তবায়নে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ তৈরির সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণায় আর্থিক প্রণোদনা, চিকিৎসাশিক্ষার পরিধি সমপ্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরির এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পরিসরে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারিতে ন্যাফথা সংরক্ষণে জায়গার সংকট
পরবর্তী নিবন্ধআমি বাংলা মাল ব্যবহার করি না, হাত ছিঁড়ে যায়