মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তারা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে চলে যান। পরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
তবে ওই এলাকায় আগে থেকেই পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিল শুরু করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরে আশপাশের এলাকা ঘেরাও করে অভিযান চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ জানায়।









