“আপনারা একটা ভিসি আমাদের দেন। আমাদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করে দেন।” চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে সরকারের কাছে এ দাবি জানিয়েছেন শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়ে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
গালীব বলেন, “আমাদের ক্যারিয়ারটা যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে সচল করার সুযোগ দেন। চুয়েটের অচলাবস্থাটা দূর করেন। যতটুকু হোক, এটাই চেষ্টা করেন। সরকারি নীতিনির্ধারকদের কাছে এটাই আমাদের দাবি।”
বিকেল সাড়ে ৩টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন চুয়েট শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কাজীর দেউড়ি মোড় ঘুরে আবার একই স্থানে ফিরে আসেন তাঁরা। মিছিলে “শরীফুলের ঠিকানা এই চুয়েটে হবে না” স্লোগান শোনা যায়।
অবস্থান কর্মসূচির সময় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “ঢাকার সঙ্গে যোগাযোগ করছি, আমাদের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করছি। নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি আছেন হেডকোয়ার্টারে। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করছি। চুয়েটের অনেক শিক্ষার্থীও সচিব পর্যায়ে আছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ করছি, যাতে চুয়েটের এই অচল অবস্থার অবসান হয়।”
যেভাবে অচল হলো চুয়েট
গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর তাঁর স্থলে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। সেদিন রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে “কমপ্লিট শাটডাউন” শুরু হয়। আন্দোলনকারীদের ভাষ্য, কোনো কারণ দর্শানো ছাড়াই শিক্ষার্থীবান্ধব একজন উপাচার্যকে সরানো হয়েছে। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগে যুক্ত হন।
১৩ অক্টোবর নতুন উপাচার্য শরীফুল আলম প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় উদ্ধার হন। শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে না ফেরার শর্তে তিনি ছাড়া পেয়েছিলেন। উপাচার্য প্রতিবাদলিপিতে জানান, এমন কোনো বক্তব্য বা বিবৃতি তিনি দেননি।
টানা ৩৬ দিনের শাটডাউন শেষে ২৮ অক্টোবর ক্লাস-পরীক্ষা শুরু হলেও অচলাবস্থা কাটেনি।
আন্দোলনকারীদের দেওয়া তালা প্রশাসনিক ভবনে খোলা হয়নি, ফলে বিভিন্ন প্রকল্পের অর্থছাড় ও যানবাহনের বিলসহ নানা কাজ বন্ধ আছে।
গত মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের এক সভায় শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত হয় এবং ক্যাম্পাসে মিছিল করে তাঁকে “বয়কট” ঘোষণা করা হয়। এরপর শিক্ষক সমিতি সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের ভেতর থেকে নতুন উপাচার্য নিয়োগের প্রস্তাব দিয়েছে।












