কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে বিক্ষোভ হয়েছে। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার না দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগে এ কর্মসূচি পালন করেন তারা। পরে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলন কারীদের প্রতিনিধিরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। সকাল নয়টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকেরা এসব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সমপ্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
জানতে চাইলে কোরিয়ান ইপিজেডের সহকারী উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালানো হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, ‘দুই মাস আগে থেকেই কারখানা চালুর প্রস্তুতি হিসেবে নারী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে কর্মী খোঁজা হচ্ছে। কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের ভুল বোঝানো হয়েছে। এখন সবকিছু সমাধান হয়ে গেছে।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুওয়ানুল ইসলাম। তিনি বলেন, কর্ণফুলী উপজেলায় কেইপিজেডে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং চলমান আন্দোলন নিয়ে স্থানীয় চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছি। কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত চাকরির ব্যবস্থা করা হবে। যেসব নারীর ঘরে বসে চাকরির প্রয়োজন, কেইপিজেড কর্তৃপক্ষ তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ে চাকরির ব্যবস্থা করবে।
ইউএনও আরও বলেন, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিন্তু কাজের অভিজ্ঞতা নেই, তাদের জন্য উপজেলা প্রশাসন ও কেইপিজেডের সমন্বয়ে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের সিভি কেইপিজেডে সুপারিশ করা হবে এবং পদ খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।






