বাঁশখালীতে অনুমোদনহীন বালু ডাম্পিং পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার ৫৫০ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের ছয়টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়ের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জিম্মায় রাখা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০–এর ১৮৭ ধারায় এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাঁশখালী থানা পুলিশের এসআই হাক্কানির নেতৃত্বে পুলিশের একটি দল, চাম্বল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সেলিম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় বলেন, অবৈধভাবে বালু মজুত ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।












