সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান চালিয়ে সেন্টমার্টিনের কাছে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০টি শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গত রোববার বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’–এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অন্যদিকে হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












