কর্ণফুলীতে পিকআপ ভ্যানের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক আবুল হাশেম হাসান ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধোপাছড়ি এলাকার সিরাজ মাস্টারের বাড়ির আবুল কাশেমের ছেলে।
অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিকাশ চাকমা জানান, রোববার রাতে মইজ্জ্যারটেক চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ইমন স্বীকার করেছেন, তিনি চন্দনাইশ এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।





