নগরের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের তিনটি আবাসিক এলাকায় ১১টি সড়ক ও ড্রেনের উন্নয়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এতে ব্যয় হয়েছে ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। আবাসিক এলাকা তিনটি হচ্ছে কর্ণফুলী, সোনালী ও বসুন্ধরা। সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শেষ হওয়ায় আবাসিক এলাকাগুলোতে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করছে চসিকের দায়িত্বশীলরা।
চসিক সূত্রে জানা গেছে, কর্ণফুলী আবাসিক এলাকার সাতটি সড়ক নির্মাণে খরচ হয় ৪ কোটি ৫ লাখ টাকা। ৩ কোটি ৭৩ লাখ টাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ৪ ও ৭ নম্বর সড়ক এবং ৬ নম্বর লেনের উন্নয়নকাজে খরচ হয় ৫৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া সোনালী আবাসিক এলাকার সড়ক উন্নয়নে খরচ হয় ৯০ লাখ টাকা।
এদিকে গত রোববার রাতে নির্মিত সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, উত্তর আগ্রাবাদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুরবস্থা ও পানি নিষ্কাশনের সমস্যা ছিল। এসব সমস্যা নিরসনে বসুন্ধরা, নিরিবিলি, আপন, সবুজবাগ, মনসুরাবাদ, রঙ্গিপাড়া, আনন্দপুর ও আগ্রাবাদ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন আবাসিক এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শেখ মুজিব রোডের দুই পাশে সড়ক ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন এলাকায় বঙ ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন পরিস্থিতির আরও উন্নতি হবে।
প্রশাসক বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে কাজ করছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি নগরকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক, ড্রেন, ফুটপাত ও অন্যান্য নাগরিক অবকাঠামো জনগণের সম্পদ। এসব সম্পদ রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা নগরের বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণ করছি। কিন্তু এসব ড্রেনে ময়লা–আবর্জনা ফেলা হলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে এবং আবারও জলাবদ্ধতা সৃষ্টি হবে। একইভাবে ফুটপাত দখল, যত্রতত্র বর্জ্য ফেলা এবং সরকারি অবকাঠামোর ক্ষতি করা হলে উন্নয়নকাজের সুফল পাওয়া যাবে না। তাই নাগরিকদের শুধু উন্নয়নকাজের সুবিধাভোগী হলে চলবে না, এসব উন্নয়ন টেকসই রাখার দায়িত্বও নিতে হবে। প্রশাসক বলেন, নগরের প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের আবাসিক এলাকা ও অলিগলির সড়ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষাকাল শেষ হওয়ায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ আরও জোরদার করা হয়েছে। আগামী কয়েক মাসে বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নগরের কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। পর্যায়ক্রমে সব এলাকার মানুষের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন।
চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে সড়ক, ড্রেন, আলোকায়ন ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। বিশেষ করে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত সড়কের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে এ এলাকার অনেক সড়ক বছরের কয়েক মাস পানির নিচে থাকত। বিভিন্ন সংস্থার খননকাজের কারণেও অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসব সমস্যা নিরসনে সিটি কর্পোরেশন পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।












