বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, রণপ্রস্তুতির আধুনিকায়ন, আন্তঃবাহিনী সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। নৌবাহিনীতে ৩৮ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) অর্জন করেন। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘কমান্ডার বিএন ফ্লিট’ হিসেবে দায়িত্ব পালনকালে তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবহরের অপারেশনাল ও কৌশলগত সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। এ সময় নৌবাহিনীতে প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মনির্ভরশীলতা অর্জনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। তার উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কাউন্টার–ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নৌবহরের আঘাত হানার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও সুসংহত হয়। নৌবহরের দীর্ঘমেয়াদি রণপ্রস্তুতি নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’–এর আধুনিকায়ন প্রক্রিয়াও শুরু করেন তিনি।
এছাড়া সমুদ্রসীমায় তাৎক্ষণিক নজরদারির জন্য ‘ইনফরমেশন ফিউশন সেন্টার’ সচল করা, প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন, নিজস্ব ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে ‘ফ্লিট মেইনটেন্যান্স গ্রুপ’ গঠন এবং ব্যয়সাশ্রয়ী আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে নৌবাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন তিনি।
সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও তার ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে সফল যৌথ অনুশীলন এবং কৌশলগত সমন্বয়ের মাধ্যমে তিন বাহিনীর পারস্পরিক আস্থা ও যৌথ অপারেশন পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ–মহড়ায় অংশগ্রহণ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর সফলভাবে পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখেন।
দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায়ও তার নেতৃত্বে বিভিন্ন অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালানসামগ্রী জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধার এবং আঞ্চলিক মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে মিয়ানমার কোস্ট গার্ড ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শত শত সদস্যকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টিও তার দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।











