এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। একাডেমিক কাগজপত্র আনতে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর ছয় দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত।
গত ১৭ নভেম্বর সকালে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হয়েছিলেন জান্নাত। পথে টানেল সড়কের চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে উল্টো পথে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রথমে নগরীর বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে জ্ঞান ফেরেনি তার। পরিবারের সদস্যরা আশা করেছিলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরবেন জান্নাত। কিন্তু রোববার দিবাগত রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতের মামা হারুনুর রশীদ বলেন, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তার ভাগনিকে মৃত ঘোষণা করেন। মেয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। মা রিজিয়া বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। গতকাল সোমবার আসরের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রামে পারিবারিক বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জান্নাতকে দাফন করা হয়।
মিফতাহুল জান্নাত চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। তার বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রামের। বাবা মৃত আনিসুজ্জামান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাবার মৃত্যুর পর মা ও ভাইবোনদের নিয়ে তাদের সংসার চলছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।









