কক্সবাজারের শৈবাল সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউবাগানে শুরু হয়েছে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। এই কার্নিভালে বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার, ক্যাম্পিং, কায়াকিং ও গো-কার্টিংসহ ১৬টির বেশি বিনোদন ও অভিজ্ঞতাভিত্তিক আয়োজন থাকছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে শুরু হওয়া এই কার্নিভাল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। দেশি পর্যটকদের আরও আকর্ষণ ও বিদেশি পর্যটক টানা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরাই এর লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে সাজানো এই আয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম চলবে। কক্সবাজারে এটিই প্রথম বড় আসরের কার্নিভাল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কার্নিভাল এলাকায় ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন, ক্যাম্পিং, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টসসহ ১৬টির বেশি জোন রাখা হয়েছে। সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাতযাপনের সুযোগ, ক্যাম্পফায়ার এবং একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থাও আছে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা হবে। কার্নিভালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
কার্নিভালের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য। ইতোমধ্যে ঝাউবাগানে তৈরি করা হয়েছে বিশাল সব ভাস্কর্য। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা সাগরের বালু দিয়ে হাতি, বাঘ, তিমি, হাঙর ও ইলিশসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি গড়েছেন। বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের আদল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনও এসব শিল্পকর্মে তুলে আনা হয়েছে।
নেদারল্যান্ডসের শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট তৈরি করেছেন বিশাল হাতির ভাস্কর্য। কানাডার শিল্পী ডেভিড বিলিংস তৈরি করছেন জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি। তাঁদের সহযোগিতা করছেন বাংলাদেশের শিল্পী জীবন রায়। বালুর ভাস্কর্য তৈরিতে তাঁরও এক যুগের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজারে আসা পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন থাকেন। দিনের বড় একটি সময় সৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের তেমন সুযোগ থাকে না। পর্যটকদের বাড়তি বিনোদন দিতে কার্নিভালে দিনরাত ২৪ ঘণ্টা সময় কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে।
কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটনের রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিনরাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন।
পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকছে। পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, হেলথ জোন, ইয়োগা জোনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা দেশি-বিদেশি পর্যটকদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারবেন।
কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান জানান, ৩৫ একরের এই আয়োজনে নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।











