তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে

ছাত্রদল ফোরামের দোয়া মাহফিলে শাহাদাত

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতিকে ধ্বংস এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও স্পোর্টস কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও সাংগঠনিক শক্তি অত্যন্ত জরুরি।

তিনি গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির দুঃসময়ে যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, মামলা হামলা, জেল–জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি, রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছেন, সেসব তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রকৃত শক্তি। তাদের ত্যাগ ও অবদান কখনো ভুলে যাওয়ার সুযোগ নেই। দলের দুঃসময়ে তাদের পাশে থাকা এবং যথাযথ মূল্যায়ন করা জরুরি। প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। কিন্তু প্রবাসে থেকেও তিনি দমে যাননি। ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। তার দূরদর্শী নেতৃত্বেই চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াকুব আলী সিফাতের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার, হারুন জামান, আহবায়ক কমিটির সদস্য ইস্কান্দার মির্জা, মো. আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাইনুদ্দিন, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী।

বক্তব্য রাখেন বিএনপি নেতা মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, এম এ হামিদ, আলমগীর নূর, এস এম মফিজ উল্লাহ, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, অঙ্গসংগঠনের নেতা হাবিবুর রহমান চৌধুরী, কবি শাহাবুদ্দিন হাসান বাবু, মহসিন কবির আপেল, আব্দুল আহাদ রিপন, ইঞ্জিনিয়ার শাহীন হায়াত, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা রেজাউল করিম, দিদারুল আলম, রমিজ উদ্দিন, কাইয়ুম, বোরহানুল হক, মনজুর আলম, শোয়াইব, বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাইন্যান্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. রাজিব দত্তের পিএইচডি ডিগ্রি অর্জন
পরবর্তী নিবন্ধ‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা অনতিবিলম্বে বাস্তবায়ন করুন’