খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা–কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ছাত্রলীগ রামগড় উপজেলা শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও তৈচালাপাড়ার মোঃ আলমগীর হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২৯), যুবলীগ কর্মী ও মহামুনির মৃত মংলাপ্রু মারমারর ছেলে ক্যাজাইলা মারমা (২৭) ও ফেনীরকূলের মেমং মারমার ছেলে ক্যাচিং মারমা (২৪)। এর একদিন আগে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম উদ্দিন নয়নকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এদেরকে পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সন্ত্রাস বিরোধী আইনে সন্দিগ্ধ আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে আসামিদের খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।










