মায়ের ভালোবাসার কোনো সীমানা নেই। দেশ, ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা থাকলেও মাতৃত্বের অনুভূতি এক ও অভিন্ন। সেই চিরন্তন ভালোবাসা, মমতা আর আত্মত্যাগের গল্পই এবার বিশ্বমঞ্চে তুলে ধরতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে মাতৃত্বের আবেগ ও সৌন্দর্যকে ধারণ করে হাজির হবেন তিনি।
মাহির পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব–ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার এক শাশ্বত গল্প বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের ভাবনা ও এর পেছনের গল্প তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। খবর বাংলানিউজের।
মা যেমন মানুষকে পৃথিবীর আলো দেখান, তেমনি মাতৃভূমি দেয় তার নিজস্ব পরিচয়। এই দুই সত্তার গভীর বন্ধনকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের বিশেষ পোশাকের ভাবনা। ‘মাতৃত্ব– ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটি তৈরি করা হয়েছে মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন, মমতা ও আত্মনিবেদনের নানা অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা রয়েছে এর নকশায়। এটি কেবল একটি পোশাক নয়, বরং দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা পেরিয়ে যাওয়া এক মানবিক অনুভূতির প্রতীক।
ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্ব। প্রতিযোগিতাটি সরাসরি দেখা যাবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।











