সেন্টমার্টিনে আটকে পড়া ৬৫০ পর্যটক ফিরলেন ট্রলারে

তিন দিন ধরে বন্ধ জাহাজ চলাচল

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ায় টানা তিন দিন বন্ধ রয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে দ্বীপে আটকা পড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে ৬৫০ জন গতকাল ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ২০টি ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীও রয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব ট্রলার সেন্টমার্টিন ছেড়ে যায়। ট্রলারগুলো দ্বীপের জেটিঘাট থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। শুক্রবার ও শনিবারও জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।

টেকনাফ–সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি বলেন, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন। ভ্রমণের জন্য সঙ্গে আনা টাকাও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান তারা।

সেন্টমার্টিন হোটেল–মোটেল মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদি বলেন, দ্বীপে এসে অনেক পর্যটক আটকা পড়েছেন। জরুরি প্রয়োজনে তাদের অনেকে শনিবার সকাল থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ২০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাচ্ছেন। যারা দ্বীপে থাকতে চান, তারা সেখানে অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় জাহাজ চলাচল শুরু করা যায়নি। ১৯, ২০ ও ২১ নভেম্বরের টিকিট কাটা পর্যটকেরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একই টিকিট ব্যবহার করে ভ্রমণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, মুসলিম বেশি হবে যেসব দেশে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অঞ্চলে এক দশকে ১২৭ হাতির মৃত্যু, ৩৭টির পেছনে মানুষ