ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে

আজাদী ডেস্ক | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গতকাল শনিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেও বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫–এর ৭ নভেম্বর সিপাহি–জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ অভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে, শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ–অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।

তারেক রহমান বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা–উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি–জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তারেক রহমান বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তারেক রহমান বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন। প্রধানমন্ত্রী দেশে–বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও তিনি সহমর্মিতা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ। প্রধানমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

পূর্ববর্তী নিবন্ধবিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধচর বাকলিয়া নিয়ে চসিক ও সিডিএর ভিন্ন পরিকল্পনা