কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ

কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি মিথ্যা : বিএনপি পুলিশও বলল, হামলার খবরটি বানোয়াট

আজাদী ডেস্ক | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার দুদিন বাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ–ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন জানান, হামলাকারীরা ৩০–৩৫টি বাড়ির অর্ধশত ঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এদিকে কালিয়ায় সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা মিথ্য

ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। পুলিশও বলছে, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। খবর বিডিনিউজ ও বাসসের।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির গতকাল বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি বলেন, গ্রামটির অন্তত ২০–২৫ বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক শওকত আলী বলেন, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের একটা ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল–১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িঘর আছে।

এদিকে গ্রামটিতে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার বিষয়ে জানতে কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫–২০টি বাড়িতে ভাঙ্‌চুর ও কয়েকটি বাড়ি–ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি মিথ্যা : কালিয়ায় সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা মিথ্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। গতকাল দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এই দাবি করেন। তিনি বলেন, আমরা বিভিন্ন ফেইসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।

হিন্দুদের ঘরবাড়িতে হামলার খবরটি বানোয়াট : কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নড়াইল জেলা পুলিশ সুপারের (এসপি) বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইল জেলার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি এ ঘটনায় কোনো হিন্দু সদস্যের পরিবার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি। পূর্বে ধারণকৃত ও এআই দিয়ে তৈরি ভিডিও চিত্র ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা দেশ–বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার করছে।

পূর্ববর্তী নিবন্ধবাসে তল্লাশি, বেরিয়ে এলো বিদেশি পিস্তল-গুলি
পরবর্তী নিবন্ধসাজেকে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর