সাজেকে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে, গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজারে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছিল আইএসপিআর। তবে, সে ঘটনায় ইউপিডিএফ সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনার কথা অস্বীকার করে। এ ঘটনার এক মাসের মাথায় গতকাল এবার পাহাড়ের আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে আরেক আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। তবে জনসংহতি সমিতির মুখপাত্র দাবি করেছেন, ‘ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি সম্পৃক্ত নয়।’

রাঙামাটির সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ (গতকাল শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর শুনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ নিরাপত্তাবাহিনীর সূত্রগুলো বলছে, শনিবার সকালে সাজেকের মাচালংয়ে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলাবাহিনীর ওপর গুলি ছুড়েছে। পরে আইনশৃঙ্খলাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ–তথ্য ও প্রচার সম্পাদক এবং মুখপাত্র সজীব চাকমা আজাদীকে বলেন, ‘সাজেকে গোলাগুলির কোনো খবর আমার জানা নেই। আর গোলাগুলি হলেও এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির কোনো সম্পৃক্ততা নেই।’

প্রসঙ্গত, রাঙামাটির সাজেক ইউনিয়ন থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ‘সশস্ত্র’ সদস্যদের প্রত্যাহারের দাবিতে সাজেক ইউনিয়নে কয়েক দফায় সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট–ইউপিডিএফ সমর্থিত স্থানীয় দুটি সংগঠন। দুই সংগঠনের ডাকে টানা অবরোধের কারণে এখনো সাজেক পর্যটনকেন্দ্র সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলমান অবরোধের কর্মসূচির মধ্যেই গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সাজেকের দুইটি এলাকায় ইউপিডিএফ–জেএসএসের দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে দু’পক্ষই এ অভিযোগ অস্বীকার করেছিল।

পূর্ববর্তী নিবন্ধকালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধপ্রতিদিন বিপিসির লোকসান ১১৩ কোটি টাকা