কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সংলগ্ন সাগরে ট্রলার থেকে এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের দাবি, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়েছিল; পরে ৮ দিন ধরে মাঝ সাগরের আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। এ সময় খাবার না দিয়ে নির্যাতন, মারধর এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। একপর্যায়ে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে তীরে ভেড়ানো হয়। এরপর পাচারকারীরা পালিয়ে যান।
গত শুক্রবার রাত ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের কাছে ট্রলারটি আটকে গেলে স্থানীয়দের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ। তারা জানিয়েছেন, ট্রলারের অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস বলেন, কয়েক দিন তাদের সাগরে ভাসমান থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। পরে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে তীরে ভেড়ানো হলে পাচারকারীরা নেমে পালিয়ে যান। ইলিয়াসের অভিযোগ, ট্রলারে থাকা দুজনকে বেঁধে রাখা হয়েছিল। তার ভাষ্য, ট্রলারে মোট ৭২ জন ছিলেন; পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে।
বিডিনিউজ জানায়, উদ্ধার হওয়াদের দাবি, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়েছিল; পরে সাত দিন ধরে মাঝ সাগরের আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। এ সময় খাবার না দিয়ে নির্যাতন, মারধর এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
সে সময় লাবণী পয়েন্টে থাকা রহিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে লাবণী পয়েন্টের কাছে আটকে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রলারে থাকা কয়েকজন লাফিয়ে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা এক নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল। তবে কয়েকজন টেকনাফ এলাকা থেকে অস্ত্রের মুখে জোর করে ট্রলারে তুলে নেওয়া হয় বলেও দাবি করেন।
চকরিয়ার বাসিন্দা রাজমিস্ত্রি আক্তার বলেন, তাকে ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়েছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তুলে সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়। আক্তার বলেন, একজন ফোন দিয়ে বলতেছে, ভাই আমার ড্রেইনের কাজ করতে হবে। এরপর আমাদের জিম্মি করে ফেলে। অস্ত্রের মুখে বোটে তুলে দেয়। বোটটা সাগরের মাঝখানে ঘুরতে থাকে। এরপর আমাদের থেকে টাকা খুঁজতে থাকে। আমাদের মোবাইল, আইডি কার্ড নিয়ে নেয়।
মুক্তিপণের টাকা দিতে না পারার কথা জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ করেন তিনি। আক্তার বলেন, কোথা থেকে টাকা দেব বলাতে আমাকে হাতে কোপ দেয়। কোপ দেওয়ার পর বোটের ভেতর হইচই পড়ে যায়। ওদের কাছে অস্ত্র, ছুরি আছে। আমাদের ৬–৭ জন লোকজনকে লাথি মেরে বোট থেকে ফেলে দেয় মাঝ সাগরে। টেকনাফের বাসিন্দা ইলিয়াস নামে এক ভুক্তভোগী বলেন, তার ভাই হাসপাতালে ভর্তি থাকায় তিনি সেখানে যাচ্ছিলেন। এ সময় শহরের লিংকরোড এলাকা থেকে তাকে তুলে নিয়ে ট্রলারে নেওয়া হয়। তিনি বলেন, সাত দিন হয়েছে বোটে করে নিয়ে সাগরে নামিয়েছে। কিন্তু বোটে খাবার দেয় না, মারধর শুরু করে। দালালরা নিজেদের মধ্যে মারামারি করে। এরপর কেউ কেউ সাগরে ঝাঁপ দেয়, কেউ স্পিডবোট নিয়ে চলে যায়।
আরেক ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, ট্রলারে প্রায় ৭০ জনের মতো মানুষ ছিলেন। তাদের মাছ রাখার কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হত। তার ভাষায়, বিমান নামতে দেখে বুঝতে পারি কিনারা কাছে। তখন আমরা বোট চালিয়ে কূলে চলে আসি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাচার চক্রের কেউ আছেন কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য এবং ট্রলারের মালিক ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।











