চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনেক ঐতিহ্য ধরে রেখেছে

সংস্কার কাজ সম্পন্ন উপলক্ষে জেলা প্রশাসক

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন রূপ পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলার পরিবেশকে আরও সুন্দর, আধুনিক ও ক্রীড়াবান্ধব করে তুলতে নেওয়া সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ ও তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থা কয়েক মাসের মধ্যে এসব সংস্কার কাজ সম্পন্ন করে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সংস্কার কাজ সম্পন্ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং ফলক উম্মোচন করেন। ফলক উম্মোচনের পর বক্তব্যে তিনি বলেন একটি স্টেডিয়াম শুধু ইট পাথরে গাঁথা একটি অবকাঠামো নয়। যেখানে আছে আবেগ, উচ্ছাস এবং স্বপ্ন তৈরির একটি প্লাটফর্ম। আমাদের স্বপ্নগুলো তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে অথবা আমাদের খেলার মাঠে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রায় ৭৫ বছরের পুরনো একটি স্টেডিয়াম। এই স্টেডিয়াম অনেক ঐতিহ্যকে ধরে রেখেছে। ১৯৮৮ সালে এই স্টেডিয়ামে ভারত পাকিস্তানের একটি খেলা হয়েছিল। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়ও এই স্টেডিয়ামেই হয়েছিল। চট্টগ্রাম হচ্ছে একটি আন্তর্জাতিক নগরী। বন্দর নগরী চট্টগ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী শহর। এ শহরের স্টেডিয়াম আধুনিক হবে, মানসম্মত হবে এটিইতো বাস্তবতা। জেলা প্রশাসক আরো বলেন, প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আমরা স্টেডিয়ামের আধুনিকি করণের কাজ শুরু করি। আজ স্টেডিয়ামে নানাবিধ কার্যক্রম আমরা এরই মধ্যে সম্পন্ন করেছি। এই জেলা স্টেডিয়াম সবার স্টেডিয়াম, এটি কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়। এই জেলার সকল যুবকরা এখানে আসবেন, খেলবেন। এটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। আমরা যদি ভাল প্লেয়ার তৈরি করতে চাই তাহলে তাদের ভাল পরিবেশ দিতে হবে। সেই ভাল পরিবেশ দেওয়ার প্রধান স্থান হচ্ছে খেলাধুলার উপযোগী ও সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি ভাল স্টেডিয়াম। আন্তর্জাতিক অঙ্গনের সাথে মিল রেখে এখন খেলোয়াড়দের যে চাহিদা আমাদেরও সেই মান মর্যাদা ও সুযোগ সুবিধা দিয়ে স্টেডিয়ামকে তৈরি করতে হবে। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ছেলে মেয়েদের নিয়ে যেতে পারব। আমি বিশ্বাস করি আমাদের মেধাবী প্রজন্ম ও মেধাবী খেলোয়াড়রা যাদের দারুণ প্রতিভা রয়েছে তা কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সংস্কারকাজের আওতায় স্টেডিয়ামের মাঠ ও পিচ সংস্কার করা হয়েছে। গ্যালারিতে রং করার পাশাপাশি প্যাভিলিয়নে বসানো হয়েছে পাঁচ শতাধিক নতুন আসন। দ্বিতীয় তলার অফিসকক্ষ, সম্মেলনকক্ষ, ভিআইপি গ্যালারি ও প্রেস বক্স আধুনিকায়ন করা হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণ, খেলোয়াড়দের জন্য সাতটি প্রস্রাবাগার স্থাপন, পার্কিং এলাকায় টাইলস বসানো এবং কম্পিউটারভিত্তিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়ামের সংস্কার কাজও শুরু হয়েছে। আগামী দিনে লন টেনিস কোর্ট চালু, জেলা ক্রীড়া সংস্থার ক্যানটিন নির্মাণ এবং বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে আধুনিকতার ছোঁয়া লেগেছে উল্লেখ করে বলেন, স্টেডিয়ামকে আরও আধুনিক করার বিষয়ে জেলা প্রশাসকের অনেক পরিকল্পনা রয়েছে। তিনি নিয়মিত তদারকির মাধ্যমে উন্নয়নকাজের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর আন্তরিকতার কারণেই অল্প সময়ে অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাঁর নির্দেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেস বক্সের ব্যবস্থাও করা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানাপ্রাচীর নির্মাণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে সদস্যসচিব বলেন, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের সীমানাপ্রাচীরের কাজ অসম্পূর্ণ ছিল। বিগত সময়ে অনেক সরকার এসেছে, গেছে; কিন্তু কেউ কাজটি সম্পন্ন করতে পারেনি। জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সেই সীমানাপ্রাচীরের কাজ সম্পন্ন করে স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ক্যানটিন নির্মাণের পরিকল্পনা তুলে ধরে সদস্যসচিব বলেন, এখানে অনেক খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন। কিন্তু আশপাশে খাবারের দাম তুলনামূলক বেশি। খেলোয়াড়েরা কোথায় খাবেন, কীভাবে সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন–এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক স্টেডিয়ামে একটি ক্যানটিন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের আন্তরিকতা, উদ্যোগ ও নেতৃত্বে স্টেডিয়ামে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি, নিয়মিত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। পরে সিজেকেএস সভাপতি ও জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দীর্ঘ দিন বন্ধ থাকা সিজেকেএস জিমনেসিয়ামমের জিম পরিদর্শন করেন এবং শীঘ্রই তা পরিস্কার পরিচ্ছন্ন করে একটি নীতিমালার ভিত্তিতে চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিজেকেএস অ্যাডহক কমিটি সদস্য মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সদস্য শরিফুল ইসলাম তুহিন, সিজেকেএস কাউন্সিলর সরোয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দীন রুবেল, সালাউদ্দীন জাহেদ, এস এম সাইফুদ্দিন চৌধুরী, সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংগঠক নূর জাহেদ বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে স্পেন-ফ্রান্স ইংল্যান্ড-নরওয়ে মুখোমুখি
পরবর্তী নিবন্ধমিস ইউনিভার্সে ব্যস্ত মাহি, ভক্তদের জন্য এলো সুখবর