মীরসরাইয়ে যত্রতত্র পার্কিং, বাড়ছে যানজট ও দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়কের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা, বাজার, ফিলিং স্টেশন ও বাসস্ট্যান্ডের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে ভারী ট্রাক, কাভার্ডভ্যান ও বাস। এতে সংকুচিত হয়ে পড়ছে মহাসড়ক। বাড়ছে যানজট। একই সঙ্গে প্রতিনিয়ত ঘটছে ছোট–বড় দুর্ঘটনা। পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গতকাল শুক্রবার ভোরে মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় পুলিশের একটি ভ্যান ও বাসের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। মহাসড়কের এই অংশে যত্রতত্র পার্কিং ও সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখার প্রবণতা দীর্ঘদিনের। তবে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

সড়ক দুর্ঘটনা নিয়ে করা বিভিন্ন সমীক্ষায় মীরসরাইকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ সড়ক এলাকার একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের ২১টি উচ্চ ঝুঁকিপূর্ণ সড়ক এলাকার মধ্যে চট্টগ্রামের মীরসরাইও রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, একটি নির্দিষ্ট বছরে মীরসরাই এলাকায় ৮২টি দুর্ঘটনায় ৪২ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনার প্রায় ৬৫ শতাংশই ঘটেছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কিংবা অবৈধভাবে পার্কিং করা যানবাহনের পেছনে চলন্ত গাড়ির ধাক্কায়।

মহাসড়কের বড় দারোগারহাট থেকে ধুমঘাট সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফিলিং স্টেশন, বাসস্ট্যান্ড ও বাজারকেন্দ্রিক এলাকায় পার্কিংয়ের সমস্যা প্রকট। বারইয়ারহাট বাজারের থানার সামনের অংশ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। মীরসরাইয়ের দক্ষিণ অংশের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনেও একই চিত্র। হোটেল–রেস্তোরাঁর সামনেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ভারী ট্রাক, কাভার্ডভ্যান ও বাস। চিনকি আস্তানা স্টেশন থেকে বারইয়ারহাট পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চলাচলের জায়গা কমে আসে। বিশেষ করে রাত ও ভোরের দিকে এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অন্ধকার, কুয়াশা ও বৃষ্টির কারণে দূর থেকে দাঁড়িয়ে থাকা যানবাহন শনাক্ত করা কঠিন হয়। এর সঙ্গে দূরপাল্লার চালকদের ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্নতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক ক্ষেত্রে পার্কিং লাইট বা সতর্কসংকেত ছাড়াই মহাসড়কের পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে দ্রুতগতির যানবাহন পেছন থেকে ধাক্কা দেয়। সামপ্রতিক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও পিচ্ছিল সড়কের কারণেও মীরসরাই অংশে একাধিক দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুধু ভারী যানবাহনের পার্কিং নয়, মহাসড়কের ওপর অবৈধ সিএনজিচালিত টেঙি ও তিন চাকার যানবাহনের স্ট্যান্ডও পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিভিন্ন হাটবাজার এলাকায় এসব যানবাহন যাত্রী ওঠানামা করায় মূল সড়কের একটি অংশ দখল হয়ে থাকে। এতে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

বারইয়ারহাট এলাকার সৈয়দ আব্দুল আলীম জানান, চিনকি আস্তানা হাইস্কুলের পর থেকে মাজারের সামনের সড়ক হয়ে জেনারেল হাসপাতাল পর্যন্ত এলাকায় প্রায়ই দিন–রাতে ভারী ট্রাক, কাভার্ডভ্যান ও লরি দাঁড় করিয়ে রাখা হয়। এসব যানবাহন সড়কের ওপর এমনভাবে পার্কিং করা হয় যে, পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্কুল–কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। টেঙি, রিকশা ও অন্যান্য হালকা যানবাহনও ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।

মহাসড়কের নিয়মিত যাত্রী নুরুল আনোয়ার বলেন, মীরসরাই উপজেলা সদরের কোর্ট রোডের প্রবেশমুখে সবসময় টেঙি ও তিন চাকার যানবাহনের স্ট্যান্ড থাকে। অথচ এই পথ দিয়েই প্রশাসনের বিভিন্ন যানবাহন চলাচল করে। একই অবস্থা কলেজ রোডের মুখেও। সেখানে ট্রাফিক পুলিশ বঙ রয়েছে। পুলিশ সদস্যরা নিয়মিত অবস্থান করলেও তাদের সামনেই অবৈধ স্ট্যান্ড বসছে। এসব কারণে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের বিভিন্ন অংশেও একই চিত্র দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন বলেন, চালকদের নির্ধারিত স্থান ছাড়া যানবাহন পার্কিং না করতে কঠোরভাবে সতর্ক করতে হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু অভিযান নয়, নিয়মিত তদারকিও প্রয়োজন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বলেন, মহাসড়কের বিভিন্ন অংশে অবৈধ পার্কিং বন্ধ এবং থ্রি–হুইলার চলাচল নিয়ন্ত্রণে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আইন বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অবৈধ পার্কিং না রাখার বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলে এ পরিস্থিতির পরিবর্তন হবে না। মহাসড়কের দুই পাশ দখল করে রাখা যানবাহন সরানো, নির্ধারিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা জরুরি। নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করা না গেলে মীরসরাই অংশে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধচবির ১৪ স্থানে মোবাইল চার্জিং স্টেশন, সুবিধা পাবেন শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধউন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়