তাবিজ বিক্রির আড়ালে ইয়াবা পাচারের অভিযোগে পটিয়ায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মৌছা মান্ডা এলাকার সর্দার বাড়ির মো. আলিম (৩৭) ও মো. আকাশ (২৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পটিয়া থানাধীন কমল মুন্সির হাট বাজারের জাহাঙ্গীর স্টোরের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রূপন কান্তি পাল বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।











