বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার পর একটি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। খবর বিডিনিউজের।

চব্বিশের ৫ আগস্টে পটপরিবর্তনের পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে তার অনুসারী ও বিরোধীদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে সংঘর্ষ হয়। এর দুদিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি বায়তুল মোকাররমের খতিব পদ হারান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা রুহুল আমিনের বাবা ‘ছদর ছাহেব হুজুর’ খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর অন্যতম বোর্ড গওহরডাঙ্গার (বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা) সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সনদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ‘আল–হাইআতুল উলয়া লিল–জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর সদস্য ছিলেন।

২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন রুহুল আমিন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাল উরকিরচরে দরবারে কামালীয়ায় বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল