অপরিণত বা প্রিম্যাচিওর নবজাতক

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

এ বছর ‘বিশ্ব অকাল জন্ম দিবস’ ১৭ নভেম্বরের পরিবর্তে ১৫ নভেম্বর পালিত হয়েছে। ২০২৬ সালের শ্লোগান ছিলো-‘ছোট শিশুর অনেক সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ ফলোআপ যত্নে বিনিয়োগ করুন’।

পূর্ণ ৩৭ সপ্তাহ গর্ভকালের আগে যে শিশু জন্ম নেয় তাকে অকালপ্রজ বলা যায়। তেমনিভাবে ২ হাজার ৫০০ গ্রাম এর কম ওজন নিয়ে জন্মানো শিশুকে ‘স্বল্পওজনী নবজাতক’ হিসেবে ধরা হয়। বাংলাদেশে প্রায় প্রতি ৩ জন শিশুর ১ জন স্বল্পওজনী হয়ে জন্ম নেয়। এর কারণ হিসেবে মায়ের অপুষ্টি কিংবা মায়ের অল্প বয়সে গর্ভধারণ ( ১৬ বছরের কম বয়সি বা টিন এজ প্রেগনেন্সি) স্বল্পবিরতিতে বা বারবার গর্ভধারণ, ও ধূমপান বহুলাংশে দায়ী।

পূর্ণ গর্ভকাল না পাওয়া ভূমিষ্ঠ নবজাতকের শারীরিক বৈশিষ্ট্য আলাদা ধরনের। গর্ভকাল যদি পূর্ণ ৩৭ সপ্তাহের বেশি হয়, তবে তাকে পূর্ণ গর্ভকাল বলে। তার আগে জন্ম নেওয়া নবজাতককে বলা হয় তাই অকালজাত বা প্রিম্যাচিওর। প্রিম্যাচিওর বেবি সাধারণভাবে স্বল্প জন্মওজনের হয়। জন্ম পরবর্তী নানা প্রতিকূল সমস্যায় এরা পড়তে পারে। যেমন–বিভিন্ন ধরনের এনজাইমের ঘাটতি, শ্বাসতন্ত্র, কিডনি ও বিপাক ক্রিয়াসমূহের দুর্বলতা, রক্ত ভাগে নানা অসামঞ্জস্য, রোগ প্রতিরোধক শক্তির গলদ ইত্যাদি। পূর্ণ গর্ভকালের নবজাতক শিশুর তুলনায় প্রিম্যাচিওর বেবির অধিক হারে জন্মক্রটি থাকে। থাকে শারীরিক সক্ষমতা ও বৃদ্ধিবৃত্তির বিকাশের ঝুঁকি।

জন্ম ওজনের ওপর নির্ভর করে প্রিম্যাচিওর বেবির নানা অবস্থাভেদ লক্ষ্য করা যায়। যেসব অকালপ্রজ নবজাতক ১০০০ থেকে ১৫০০ গ্রাম নিয়ে জন্মায়, জন্মমুহূর্ত হতে সে খুব নেতানো থাকে। ঘাড় এক পাশে পড়ে থাকে, হাত পা নড়াচড়া করে না । কান্না খুব ক্ষীণ আওয়াজের হয়। ততোধিক ক্ষীণ হয় তার রিফ্লেক্স কর্মকান্ড। তার ঘুম বা জাগ্রতভাবে পার্থক্য ধরা পড়ে না। তার খিদের কান্না ও চুষে মায়ের দুধ খেতে পারার সামর্থ্য থাকে কম।

তুলনায় ১৫০০ গ্রাম থেকে ২০০০ গ্রাম ওজন নিয়ে জন্মানো নবজাতকের মাংসপেশীর চালনা শক্তি বেশ সক্রিয়। মরোস, গ্র্যাসপ ইত্যাদি রিফ্লেক্স অটুট থাকে এবং তারা সতকতার সার্থে তাকাতে সক্ষম ।

অনি্যদিকে প্রিম্যাচিওর কিন্তু জন্মওজন ২০০০ থেকে ২৫০০ গ্রাম নিয়ে জন্মানো নবজাতকের নড়াচড়া, মাংসপেশীর চালনা শক্তি যথেষ্ট সক্রিয় । এসব নবজাতক সুস্থ স্বাভাবিক নবজাতকের মতো কান্না করে, সতর্কভাবে তাকায়। মাতৃস্তন নিঃসরিত দুগ্ধ ভালোভাবে পান করে।

অকালজাত নবজাতকের প্রধান প্রধান সমস্যা:

শরীরের তাপমাত্রা ঠিক রাখতে না পারা।

স্তন্যপানের সমস্যা ।

রোগ প্রতিরোধক শক্তির ঘাটতিজনিত ইনফেকশন প্রবণতা।

শ্বাসকষ্টজনিত সমস্যা ।

খাদ্যপ্রাণের বাড়তি চাহিদা, বিশেষ বিশেষ পুষ্টি–অণুপুষ্টির অভাব।

মস্তিষ্কের বিকাশঘটিত জটিলতা।

সামগ্রিক ব্যবস্থাপনা:

১. ইনকিউবেটরের যত্ন–এসব শিশুর যত্নে ‘ইনকিউবেটর’ ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকখানি। বিশেষত শিশুর ওজন ২০০০ হাজার গ্রাম এর কম হলে। এ পদ্ধতিতে বিশেষ ব্যবস্থায় শিশুর তাপমাত্রার সঠিক সুরক্ষাসহ, ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে আর্দ্রতা বজায় রেখে প্রয়োজনানুযায়ী অক্সিজেন সরবরাহ করা হয়। সংগে অন্যান্য বিধিব্যবস্থা শিশুবিশেষজ্ঞ নির্ধারণ করে দেন।

২.তাপমাত্রা বজায় রাখার বিকল্প পদক্ষেপসমূহ–ইনকিউবেটরের ব্যবস্থা না করা গেলে শিশুর তাপমাত্রা বজায় রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। রেডিয়েন্ট হিটার, ল্যাম্প জ্বালিয়ে ঘর গরম রাখার চেষ্টা করা যায়।

৩.খাওয়ানোর পদ্ধতি–সাধারণভাবে ৩৪ সপ্তাহ গর্ভকালের কম নবজাতকে শ্বাস–প্রশ্বাস ক্রিয়া, চোষা ও গিলতে পারা–এ তিনের সমন্বয় গড়ে ওঠে না। সেক্ষেত্রে বিশেষভাবে অত্যধিক স্বল্পওজনের নবজাতক (যার জন্মকালীন ওজন ১৫০০ গ্রাম এর কম) তাদের নাকে নল দিয়ে গলানো বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রিম্যাচিওর নবজাতকের জন্য বুকের গলানো দুধই শ্রেষ্ঠ। শিশুর ওজন ও বয়স হিসাব করে শিশুবিশেষজ্ঞ তা নির্দিষ্ট করে দেন। শিশুর চুষে খেতে পারা বিষয়ে সামান্যতম সংশয় থাকলে শিশু–বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ জরুরি।

৪.ইনফেকশনস প্রতিরোধে করণীয়–এই সময় শিশুর জন্য বিপজ্জনক সমস্যা হলো জীবাণু সংক্রমণ। কেননা এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যধিক কম থাকে। এসব সন্তানকে বিশেষ করে জন্মের প্রথম মাস, মা ব্যতিত অন্য কারও সংস্পর্শ থেকে দূরে রাখা দরকার। মায়ের উচিত একমাত্র তিনিই যেন নবজাতক পরিচর্যার ভার নেন। শিশুকে ধরা–ছোঁয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তার কাপড়–চোপড় ও ঘরের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অবশ্যকর্তব্য।

৫.বাড়তি ভিটামিন–২ সপ্তাহ বয়সে পৌঁছলে প্রিম্যাচিওর শিশুর জন্য বাড়তি কিছু ভিটামিনের প্রয়োজন দেখা দেয়। এর মধ্যে উল্ল্লেখ যোগ্য হচ্ছে ভিটামিন–ডি, ভিটামিন–সি। ১৫০০ গ্রাম এর কম জন্মওজনের নবজাতক শিশুর জন্য ভিটামিন–ই অপরিহার্য। কখনো তা শিশুর ওজন দ্বিগুণ হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া হয়। ঠিক এদের প্রেসক্রিপশনে রাখতে হবে আয়রন সিরাপ।

প্রিম্যচিওর নবজাতক শিশুর ভবিষ্যৎ :

কদাচিৎ স্বল্প জন্মওজন নবজাতক শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি–বিকাশে ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য এসব শিশুসন্তানকে শিশুবিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেখে তার বেড়ে ওঠা ঠিকঠাক হচ্ছে কি না লক্ষ্য রাখা দরকার। যেমন–দীর্ঘদিন ধরে অক্সিজেন প্রাপ্ত নবজাতকের ৬ থেকে ৮ সপ্তাহ বয়সে দৃষ্টিশক্তির পরীক্ষা করানো অবশ্য কর্তব্য। তাছাড়া থাইরয়ড গ্রন্থির কার্যকারিতা, হার্টের জন্মত্রুটি, মানসিক বিকাশের প্রতি তীক্ষ্ণ নজরদারি দরকার। এক্ষেত্রে তার জন্মের প্রথম বছরটা বেশ গুরুত্বপূর্ণ।

নিউটনের জন্ম হয়েছে ৩ পাউন্ড ওজন নিয়ে। উইনস্টন চার্চিল ও পাবলো পিকাসো সময়ের বেশ আগেই পৃথিবীর মুখ দেখেছিলেন। যার বার্তা হলো– সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা ও ফলো আপ যত্নে অকালজাত ও স্বল্পওজনী নবজাতক শিশুও বিশ্ববরেণ্য হওয়ার সক্ষমতা পায়।

লেখক : অধ্যাপক, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা ‘আজীজুননাহার’
পরবর্তী নিবন্ধজলবায়ু অর্থায়ন : বাংলাদেশের জন্য সহায়তা, নাকি নতুন ঋণের ঝুঁকি