
আমাদের চট্টগ্রামবাসীর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল একটি সোনার হরিণ। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে লুকিয়ে আছে কিছু ক্ষণজন্মা মানুষের বহু আত্মত্যাগ ও কষ্টার্জিত ইতিহাস। আজকের অধ্যয়নরত শিক্ষার্থীদের বা নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এর পেছনে কত শ্রম, মেধা, ত্যাগ ও চেষ্টা–সাধনা কাজ করেছে। ১৯৮৯ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (১৯তম ব্যাচ) সমাপনী উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে প্রকাশিত স্মরণিকা ‘অনীবরণ’–এ এ সংক্রান্ত একটি তথ্যবহুল (প্রামাণ্য দলিলপত্রসহ) প্রবন্ধ উপস্থাপনের উদ্যোগ নিই। যা সেই সময়ের ছাত্র–শিক্ষক এবং চট্টগ্রামের বহু মনীষী, গুণীজন ও শিক্ষানুরাগী আমাকে অভিনন্দিত করেছিলেন। আজ এখানে এর কিছু তথ্য তুলে ধরার প্রয়াস চালিয়েছি। কোনো এক মনীষী বলে গেছেন “ঞযড়ংব যিড় সধশব যরংঃড়ৎু ফড় হড়ঃ ৎিরঃব যরংঃড়ৎু”, অর্থাৎ যারা ইতিহাস সৃষ্টি করেন তারা নিজের ইতিহাস লিপিবদ্ধ করে যাননি। হাটহাজারী স্থানীয় এলাকার সন্তান এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের ইতিহাস এ প্রজন্মের সামনে তুলে ধরার একটি নৈতিক দায়িত্ব দীর্ঘদিন থেকে আমি অনুভব করছি। এর জন্য যেমন মানসিক পরিপক্বতার প্রয়োজন, তেমনি প্রয়োজন সমকালের জীবিত প্রত্যক্ষ সাক্ষীদের থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করার দীর্ঘ তিন যুগ পর আজ সত্য–মিথ্যার দ্বন্দ্বের এক ক্রান্তিকালে বিগত শতাব্দীর ষাটের দশকের দুই–একজন সমসাময়িক ছাত্রনেতা যারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দেখা–অদেখা অনেক কিছুর নীরব সাক্ষী তাদের নৈতিক সমর্থনে আমার এই প্রয়াস। ইতিহাসের চলার বাঁকে এসব ক্ষণজন্মা পুরুষদের আবির্ভাব এবং অকুতোভয় নেতৃত্ব প্রজন্মকে এগিয়ে নিয়ে যায় সোনালি ভবিষ্যতে। মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী মূলত চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম ‘স্বপ্নদ্রষ্টা’ বললে মনে হয় এতটুকু অত্যুক্তি হবে না। তিনি ত্রিশ–চল্লিশ দশকের মাঝামাঝি সময়ে দেয়াং পাহাড়ে একটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে একটি জায়গাও দান করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পরে এটি ধামাচাপা পড়লেও ষাটের দশকের প্রারম্ভে যখন পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয় তখন এটি দেয়াং পাহাড়ে স্থাপনার দাবিও উঠেছিল। অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব চট্টগ্রামের তৎকালীন পৌরসভার চেয়ারম্যান (১৯২৭–৫৪) ও পাকিস্তান গণপরিষদ সদস্য (১৯৪৭–৫৪) জনাব নূর আহমদ তথা নূর আহমদ চেয়ারম্যান খ্যাত অবিভক্ত বাংলার আইন পরিষদের সদস্য (১৯৩৭–৪৬) থাকাকালীন আইন পরিষদে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেছিলেন। পাকিস্তান আমলে মাঝে মধ্যে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনার কথা উঠলেও মূলত তা চট্টগ্রাম বিভাগের যে কোনো জেলায় স্থাপনার দাবিই চিন্তামূলক ছিল। ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন প্রবর্তন করে ২৭শে অক্টোবর সেনাপ্রধানের দায়িত্বগ্রহণকারী জেনারেল মোহাম্মদ আইয়ুব খানের মন্ত্রীসভার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ নেওয়ার পর পূর্ব পাকিস্তানের সাবেক আই.জি.পি জনাব জাকির হোসেনকে গভর্নর নিয়োগ করেন। জনাব জাকির হোসেন গভর্নর হওয়ার পর (১৯৫৮–৬০) চট্টগ্রামের প্রতিষ্ঠিত জননেতা আলহাজ্ব এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীকে তার প্রধান উপদেষ্টা নিয়োগ করেন এবং একই সাথে একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করেন। এতে চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুর রহমান মিঞা, শিক্ষানুরাগী ও সমাজসেবী জনাব বাদশাহ মিয়া চৌধুরী টি.কে.আই এবং জনাব আই.আর. নিজাম (চট্টগ্রাম পৌরসভার ভাইস চেয়ারম্যান ১৯৫৮–৬৫) প্রমুখ সদস্য ছিলেন। এই সময় তৈরি হচ্ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই পরিকল্পনায় ফজলুল কাদের চৌধুরী ও জাকির হোসেনের প্রচেষ্টায় চট্টগ্রাম বিভাগে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়। ১৯৬০ সালের ৩০শে ডিসেম্বর চট্টগ্রামের বিশিষ্ট নেতৃবৃন্দ, সমাজসেবী, শিক্ষানুরাগীগণ জনাব চৌধুরীর পাহাড়শীর্ষস্থ ভবনে এক বৈঠকে মিলিত হয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রামে স্থাপনে তার বিশেষ হস্তক্ষেপ কামনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন শেখ রফিউদ্দীন আহমদ সিদ্দিকী, অধ্যাপক এ.বি.এম সুলতানুল আলম চৌধুরী, কবি আব্দুল সালাম, সুলতান আহমেদ, বাদশাহ মিয়া চৌধুরী, ক্যাপ্টেন মোহাম্মদ বখতিয়ার মিঞা, অধ্যক্ষ এ.জি রেজাউল করিম চৌধুরী, অধ্যাপক আহমেদ হোসেন, অ্যাডভোকেট সুলতান আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব এম.জি জিল্গুন, আলহাজ্ব ইসলাম মিয়া, ব্যারিস্টার সাইফুদ্দীন আহমদ সিদ্দিকী, এম. বদরুল ইসলাম খান চৌধুরী প্রমুখ। অধ্যাপক আহমেদ হোসেন স্যার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম আন্দোলনের অন্যতম সহকর্মী। তিনি খুব দ্রুত মিটিংয়েই একে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত কারণ দেখিয়ে এর মানচিত্র ও এর স্থান নির্দেশিকা তৈরি করে দিয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংগ্রাম আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির নেতা এবং সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় স্থাপনার দাবিতে লালদিঘির মাঠে চট্টগ্রাম থেকে নির্বাচিত সব এমএলএ/এমপি মেম্বারদের নিয়ে জনসভা করেছিলেন। প্রাথমিকভাবে সিলেট, কুমিল্লা ও নোয়াখালীতে এটি স্থাপনের পরিকল্পনা করা হলেও ১৯৬৩ সালের ১২ই ডিসেম্বর রাষ্ট্রপতি আইয়ুব খানের অনুপস্থিতিতে মন্ত্রীসভার এক বৈঠকে সভাপতিত্বকালে ফজলুল কাদের চৌধুরী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ.টি.এম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কুমিল্লায় জনগণ চেয়েছিল এটা কুমিল্লায় হোক, কিন্তু তিনি যে আপসহীন ভূমিকা নিয়েছিলেন তা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে অধিকার আদায়ের সংগ্রামে। তিনি সিটি কলেজের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করেছিলেন এই আন্দোলনে। ১৯৬১ সালের ৭ই মে চট্টগ্রামে তৃতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনার দাবিতে যে সাংগঠনিক সভা হয়, সেই সভায় জনাব বাদশাহ মিয়া চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংগঠনিক পরিষদের সভাপতি ও অধ্যাপক আহমেদ হোসেন আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন। এই পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিকে জনপ্রিয় করে তোলেন। সংগ্রাম পরিষদের পক্ষে তিনি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট, গভর্নর ও কেন্দ্রীয় মন্ত্রিসভামণ্ডলীর সদস্যের কাছে স্মারকলিপি প্রদানের জন্য বেশ কয়েকবার করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর সফর করেন। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের মূল সংগঠক। কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরকার বা কোনো মহল তার এই অবদানটুকুকে সেভাবে মূল্যায়ন করেনি। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব বিস্তার আর ক্ষমতার অর্থের জোয়ারে ভেসে গেছে এই সব নীরব কর্মীর কীর্তি। ভুলে গেছে মূল নেপথ্য নায়কদের কথা। আজ বিশ্ববিদ্যালয় বললেই চট্টগ্রামের কিছু মানুষ বোঝে এটা তৎকালীন স্পিকার মরহুম ফজলুল কাদের চৌধুরীর কলমের এক খোঁচায় হয়েছে, বাস্তবে এর পেছনে রয়েছে সংগ্রাম আর আন্দোলনের ইতিহাস। মরহুম অধ্যাপক আহমেদ হোসেন আমাদের মাঝে নেই, তার চাওয়ার পাওয়ারও কিছু নেই। জীবিতকালেও আমরা এই কাজের জন্য তাকে সামান্য স্বীকৃতি দিইনি, তিনি চানওনি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে মেধা চর্চার তীর্থ কেন্দ্র, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিশাল এই স্থাপনার এক অংশে একটি ইটের স্তম্ভ দিয়ে আমরা কি তাদের সম্মানিত করতে পারি না? আমরা যদি নিজেদের প্রচারে মত্ত থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত গুণীজন সম্বন্ধে কিছুই জানতে পারবে না। দায়বদ্ধ থাকবেন মাটি ও মানুষের প্রতি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে চাইলে উদ্যোগ নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ‘বিভাগ’ শব্দযুক্ত থাকায় চট্টগ্রাম বিভাগের বিশেষ করে সিলেট ও কুমিল্লা জেলাদ্বয়ও আন্দোলন শুরু করে। একপর্যায়ে সিলেট ফেঞ্চুগঞ্জ সার কারখানা উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি আইয়ুব খান ছাত্রদের দ্বারা ঘেরাও হন (৩রা ফেব্রুয়ারি ১৯৬২)। অবস্থা বেগতিক দেখে গভর্নর আজম খান গাড়ি থেকে বের হয়ে তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঘোষণা দেন “এই থার্ড ইউনিভার্সিটি হজরত শাহ জালাল (র.) কা মুলুক সিলেটে হোগ”। অর্থাৎ হজরত শাহজালাল (র.) এর দেশ সিলেটে তৃতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে (দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী ৫ ফেব্রুয়ারি ১৯৬২)। এদিকে চট্টগ্রামবাসীর পক্ষে ফজলুল কবির চৌধুরী, আইয়ুব আলী সিদ্দিকী, বাদশাহ মিয়া চৌধুরী, আজিজুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অধ্যাপক এ.বি.এম সুলতানুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ খালেদ, অধ্যাপক আহমেদ হোসেন ও ছাত্রদের পক্ষ থেকে সমস্ত স্কুল ও কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস গণ প্রস্তাবিত তৃতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে স্থাপনের দাবি জানিয়ে সংবাদপত্রে বিবৃতি প্রদান করেন (৬ ফেব্রুয়ারি ১৯৬২)। ১৯৬২ সালের ২৮শে এপ্রিল সামরিক শাসনের অধীনে পাকিস্তান জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদদ্বয়ের (পূর্ব ও পশ্চিম পাকিস্তান) নির্বাচন সম্পন্ন হয়। সেসময় সংগৃহীত চট্টগ্রামের বিভিন্ন প্রার্থীর (বিশেষ করে জাতীয় পরিষদের ৫টি আসনের প্রার্থীগণ) নির্বাচনী কর্মসূচিতে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনে কোনো ভূমিকা রাখতে তারা ব্যর্থ হন। শুধু ফজলুল কাদের চৌধুরী তার বিশাল নির্বাচনী এলাকায় স্পষ্টভাবে ঘোষণা করেন “আমি নির্বাচিত হই বা না হই, তবে বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাটহাজারীতে স্থাপনের সকল প্রচেষ্টা আমি নেব এবং ইনশাআল্লাহ আমার এই উদ্যোগে সাফল্য অর্জন করবই।” জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৬২–এর মে মাসে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে তাকে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন রফিউদ্দীন আহমদ সিদ্দিকী। প্রদত্ত মানপত্রের জবাবে ফজলুল কাদের চৌধুরী প্রত্যয়দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন “মন্ত্রিত্ব গ্রহণ করি আর না করি তবে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন করে ছাড়ব।” ১৯৬২ সালের ১৩ই জুন ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের খাদ্য, কৃষি, পূর্ত, ত্রাণ এবং শিক্ষা ও তথ্য দপ্তরের মন্ত্রী হন। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনের আশার আলো জ্বলে ওঠে। ইতিমধ্যে বাদশাহ মিয়া চৌধুরী, আইয়ুব আলী সিদ্দিকী, ফজলুল কবির চৌধুরী, অধ্যাপক আহমেদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিত্বশীল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েকটি জনসভাসহ আন্দোলনকে জোরদার করে তোলে। ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভায় কেন্দ্রীয় কর্মসূচির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কারিগরি মহাবিদ্যালয় স্থাপনের দাবিও অন্তর্ভুক্ত হয়।
১৯৬৫ সালের ১৭ই জানুয়ারি পিন্ডিতে ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্ব পাকিস্তানের প্রস্তাবিত তৃতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরের দিন জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে অর্থ অনুমোদন দেওয়া হয়। ১৯৬৬ সালের ১৮ই নভেম্বর প্রেসিডেন্ট আইয়ুব খান আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। এর প্রজেক্ট ডিরেক্টর পরবর্তীতে প্রথম উপাচার্য হিসেবে ড. আজিজুর রহমান মল্লিক (বাংলাদেশের অর্থমন্ত্রী ১৯৭৪–৭৫) বিশ্ববিদ্যালয়টির বাস্তবায়নে এক বিশেষ ভূমিকা পালন করেন। আজকের দিনে স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধের ইতিহাস বিকৃত হয়ে জাতীয় জীবনে যেমন অবক্ষয় নেমে এসেছে, তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তথা এর প্রতিষ্ঠার দাবিতে সংগ্রামের ইতিহাসগুলোকে বিকৃত করার অপচেষ্টা করে পরোক্ষভাবে চট্টগ্রামের মৌলিকত্বকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ দ্বিধাহীন চিত্তে ভবিষ্যৎ বংশধরের কাছে ঐতিহাসিক তথ্য উপস্থাপন করছি যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন উপ–মহাদেশের অন্যতম জননেতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এবং প্রস্তাবক হলেন অপর জননেতা নূর আহমদ চেয়ারম্যান খ্যাত নূর আহমদ। আর এই মহান নেতার স্বপ্ন ও প্রস্তাবনার রূপকার ছিলেন উপ–মহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জনাব ফজলুল কাদের চৌধুরী যিনি ক্ষমতা সদ্ব্যবহার করে চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে চিরস্মরণীয় হয়ে আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাপনী উৎসবের আহ্বায়ক হিসেবে উক্ত ব্যাচের ছাত্র এবং হাটহাজারী এলাকার সন্তান হিসেবে যেসব সমসাময়িক ব্যক্তিত্ব এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ–পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কৃতজ্ঞতা স্বীকার করছি এই প্রবন্ধ রচনায় যিনি আমাকে সমাপনী উৎসব কালে তথ্য দিয়ে দোয়া, স্নেহ ও ভালোবাসায় সিক্ত করেছেন তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্র নেতা জনাব এ.কে.এম আবু বকর চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে এসব মহাপ্রাণদের অবদান পূর্ণিমার চাঁদের মতো চিরকাল উজ্জ্বলিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের এই ত্যাগ ও কুরবানি কবুল করুন, আমিন।
লেখক: আইনবিদ, কলামিস্ট, মানবাধিকার ও সুশাসনকর্মী।












