চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পণ্য ওঠানামা বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। এতে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে।
শ্রমিকদের কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। দুই টার্মিনালের ক্রেন বন্ধ করে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শত শত শ্রমিক। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। ফলে কর্মবিরতির পরিধি আরও বিস্তৃত হয়েছে।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে এনসিটি ও সিসিটিতে কাজ করলেও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় তাঁরা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জেটিতে কর্মরত এক ক্রেন অপারেটর জানান, কাগজে-কলমে এনসিটি ও সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করছেন সাইফ পাওয়ারটেকের নিয়োজিত শ্রমিকেরা। চিটাগাং ড্রাইডক বন্দর থেকে পরিচালনাসংক্রান্ত অর্থ গ্রহণ করে সাইফ পাওয়ারটেককে দেয়। পরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে।
ওই শ্রমিকের অভিযোগ, এনসিটির পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ারটেকের কাছ থেকে চলে যাওয়ার পর এবার সিসিটিও প্রতিষ্ঠানটির হাতছাড়া হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকেরা তাঁদের প্রাপ্য গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এসব পাওনা পরিশোধের বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতিতে গেছেন।
আরেক ক্রেন অপারেটর বলেন, সর্বশেষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোমবার শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে তাঁদের দাবি-দাওয়া নিয়ে কোনো সমাধান দেওয়া হয়নি। ফলে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শ্রমিকেরা।
এ বিষয়ে বক্তব্য জানতে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বন্দরের সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ সম্পন্ন হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটির অবদান প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির প্রায় ১৬ শতাংশ। ফলে টার্মিনাল দুটিতে দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রপ্তানি বাণিজ্য, জাহাজের অবস্থানকাল এবং বন্দরের সামগ্রিক পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে কনসেশন চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ চুক্তি সম্পন্ন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগ পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে এনসিটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এত দিন সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করে আসছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচালনা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চিটাগাং ড্রাইডকের মাধ্যমে সিসিটি পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের এই সন্ধিক্ষণে শ্রমিকদের পাওনা ও চাকরির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অসন্তোষ বড় সংকটে রূপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।












