চট্টগ্রামে সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস চসিক প্রশাসকের

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের পাশাপাশি আক্রান্ত রোগীদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব মহলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম ক্যান্সার কেয়ার অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেরিনা পার্টন, ডা. লরা জনসন এবং ডা. মো. জাকির উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে পিংক অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমে অংশগ্রহণকারী চিকিৎসকদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজিএস একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ। ডা. মো. আহসানুল আবেদীন ও ডা. সায়রা বানু শিউলীর সঞ্চালনায় বক্তব্য দেন, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেরিনা পার্টন, ডা. লরা জনসন এবং ডা. মো. জাকির উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী, অধ্যাপক এস এম তারেক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. মাসুদ করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে