হাটহাজারীতে ইয়াবাসহ মো. নুরুল হুদা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাদক সেবনের দায়ে পৃথক অভিযানে আরও দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই এলাকায় ফাঁদ পেতে ৪০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন। নুরুল হুদা হাটহাজারী পৌরসভার ফটিকা কামাল পাড়ার আবদুস সালামের ছেলে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় নুরুল হুদাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
একই দিন উপজেলার ফতেপুর ইউনিয়নে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের দায়ে ওই ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মো. মিজান (৩২) ও শেখ আহমদের ছেলে মো. সামি (২৭) নামে দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








