সীমান্ত থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের পথে, পেকুয়ায় ধরা

মোটরসাইকেলে মিলল ৭,৬৮৪টি ইয়াবা

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন এক যুবক। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন তিনি। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের পেকুয়া–বাঁশখালী সড়কের উঁচু ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ নোমান (২১)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈধ্যছড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। বর্তমানে তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার একটি টিম রাতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ নোমানের কাছ থেকে ৭ হাজার ৬৮৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় প্রয়াসের মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধকিশোরবেলা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান