চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের একজন আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে তিনি জানতে পেরেছেন।
পটিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












