হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে জিয়াউল : সংসদে আইনমন্ত্রী বললেন, পুনরাবৃত্তি হবে না

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

গতকাল রোববার জাতীয় সংসদে সিলেট–২ আসনের বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা। এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। খবর বিডিনিউজের।

বিএনপির এমপি তাহসিনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মতে, ওই ছবিতে জিয়াউল আহসানের আচরণ দেখে মনে হয়েছে তিনি আনন্দ ভ্রমণে বের হয়েছেন। আর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা যেন তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এমপি তাহসিনা অভিযোগ করেন, জিয়াউল আহসান হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পর তাকে হাতকড়া ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। এমনকি তাকে ডাণ্ডাবেড়িও পরানো হয়নি। এ ঘটনায় গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত বলে দাবি করেন এ তিনি।

জিয়াউলকে আহসানকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কি না, সেই প্রশ্ন তোলেন তাহসিনা রুশদীর। একই সঙ্গে তার প্রতি বিশেষ সুবিধা বা সহানুভূতি দেখানো হচ্ছে কিনা, আইনমন্ত্রীর কাছে জানতে চান তিনি। সরকারি দলের এই এমপির বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ম অনুযায়ী পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ হওয়ায় আইনমন্ত্রী চাইলে জবাব দিতে পারেন।

এরপর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনাটি তারও নজরে এসেছে। আসামিকে কারাগার থেকে আদালতে আনার বিষয়টি আইন মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না। তারপরও ঘটনাটি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে জিয়াউলকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি, মাননীয় স্পিকার।

আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিচারের নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেদিকে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সরকার কোনো ফরমায়েশি রায় চায় না, বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, জিয়াউল আহসানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের বিরুদ্ধে সংগৃহীত সব সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলটারি পদ্ধতি বহালের রিট আবেদন খারিজ