পুলিশের তল্লাশিতে বাসে মিলল ৯ হাজার ৯০০ ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৪

কর্ণফুলী টানেলের টোল প্লাজা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

আনোয়ারায় কর্ণফুলী টানেলের টোল প্লাজার চেকপোস্টে একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও দুইজন সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি।

গত শনিবার দিবাগত রাতে টোল প্লাজার চেকপোস্টে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অপর আরেকটি বাসে করে যাত্রীদের গন্তব্যে পাঠায়। গ্রেপ্তাররা হলেন মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬), রাকিব মিয়া (২৩) ও মো. শিপন (৩৮)। তাদের বাড়ি বরিশাল, ঢাকার বাসাবো ও যাত্রাবাড়ী বলে জানা গেছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, কক্সবাজার থেকে মমতা পরিবহন নামে ঢাকাগামী একটি বাস ৪৩ জন যাত্রী নিয়ে গত শনিবার মধ্যরাতে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের খবর পেয়ে পুলিশ চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় প্যাকেজিং করা ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে জব্দকৃত ইয়াবাসহ গাড়িটির চালক হেলপারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে গাড়িটিও আটক করা হয়। পরবর্তীতে যাত্রীদের অন্য একটি গাড়ি ব্যবস্থা করে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়কের পাশে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধীকে বাস চাপা