গোপালগঞ্জ জেলা শহর গতকাল কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।
শহরের শিশুপার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি–বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তারা জানান, মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপার শপের কাচ ভাঙচুর করা হয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালানো হয়। অন্যদিকে আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন। আহত মোসলেমকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।
একই দিনে ডিসি–এসপি পদে রদবদল : বাংলানিউজ জানায়, গোপালগঞ্জে একই দিনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। গতকাল পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসন ও পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ এ দুই পদে রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়। তবে এই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে জেলা শহর ছিল উত্তেজনায় ভরপুর। মিছিল ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক তৈরি হয়। এতে শহরের দোকান পাট বন্ধ হয়ে যায়।
জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী : গোপালগঞ্জে লগি–বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনভর মিছিল, ভাঙচুর–অগ্নিসংযোগের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ ও বিজিবি। গতকাল বিকাল সোয়া ৪টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
বিজিবি কমান্ডার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন ছয় প্লাটুন বিজিবির মোট সদস্য সংখ্যা ১৫০ জন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, অন্যান্য আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পরে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশের সদস্য মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।








