আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল। গতকাল নিজ নিজ খেলায় জিতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি গ্রুপ ‘বি’ থেকে ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনাল পর্বে উন্নীত হয়। এর পূর্বে ‘এ’ গ্রুপ থেকে চট্টগ্রাম ১১, ‘ই’ গ্রুপ থেকে আলোসিঁড়ি ক্লাব দ্বিতীয় পর্ব কোয়ার্টার ফাইনালে উঠে। শনিবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল ৬ উইকেটে আসওয়াদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টসে জিতে উদীয়মান ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জসিম সর্বোচ্চ ৯১, আবদুল্লাহ ৫৮ ও কোহলা অপরাজিত ২৭ রান করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির খালেদ ও রানা ২টি, আরিফ, ওবায়দুল্লাহ ও জাহিদ ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ১৬.৩ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২০ রান তুলে দারুণ চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত আস্থার সাথে খেলে শেষ জুটি ৩ বল হাতে রেখে ১৯.৩ ওভারে ২৩৮ রান করে দুর্দান্ত জয় তুলে নেয়। দলের পক্ষে ওবায়দুল্লাহ সর্বোচ্চ ৭৪, আরাফাত মিতুন ৪১ ও তাসলিম অপরাজিত ৩৬ ও মোমিন জনি ১৯ বলে ৩১ রান করেন। বল হাতে উদীয়মান ক্রিকেট একাডেমির কোহলা ৩টি, মিজান ২টি উইকেট লাভ করেন। হেলাল, সাদিক, আরাফাত প্রত্যেকে ১টি করে উইকেট পান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ওবায়দুল্লাহ’র হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আসওয়াদ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আইয়ুব সর্বোচ্চ ৬০, মোস্তাকিম ৫৩, তানভীর ১৫ ও ফয়সল অপরাজিত ১৪ রান করেন। বল হাতে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দলের আরিফ ৪টি,সুফিয়ান ২টি ও আদিল ১টি উইকেট লাভ করেন। জবাবে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে ফাহিম মুনতাসির সর্বোচ্চ অপরাজিত ৭২, আদিল চৌধুরী ৩৩, সালমান বিন আজিজ ২৪ ও ইব্রাহিম ২০ রান করেন। বল হাতে আসওয়াত ক্রিকেট একাডেমির তানভীর, আসিফ, রুবেল ও সাগর প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে দলের ফাহিম মুনতাসিরের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আজ ১৫ নভেম্বর সকাল ৯ টায় সাইনিং স্পোর্টস একাডেমি বনাম হাজী ক্যাম্প একাদশ এবং দুপুর ১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম নিও ক্রিকেট একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।











