চট্টগ্রাম কলেজিয়েটের ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব ২৫-২৬ ডিসেম্বর

অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের গৌরবময় ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উদযাপিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘চট্টগ্রাম কলেজিয়েটস্‌’।

গতকাল শনিবার নগরীর প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ‘চট্টগ্রাম কলেজিয়েটস্‌’–এর সিনিয়র সহ–সভাপতি এবং ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ‘চট্টগ্রাম কলেজিয়েটস্‌’–এর সহ–সভাপতি অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের সচিব মোস্তাক হোসাইন, এএনএম ওয়াহিদ দুলাল, ফজলুল হক, গোলাম মহিউদ্দিন মুকুল, মোহাম্মদ জাকেরিয়া, সমর বড়ুয়া, ড. নুরুল আমিন, তুহিন কান্তি শীল, অ্যাডভোকেট এহতেশামুল হক রিসতা, ওসমান গনি মনসুর ও মোহিত উল আলম।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আজ ১৯০ বছরের মাইলফলক অতিক্রম করেছে। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানটি আলোক বর্তিকা হয়ে সৃষ্টি, শিল্প, মেধা ও মননের অপূর্ব সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নের বীজ বপন করে চলেছে। এখানকার প্রাক্তন ছাত্ররা আজ স্বমহিমায় দেশে–বিদেশে আলো ছড়াচ্ছেন। এটা চট্টগ্রাম তথা পুরো দেশের জন্য অনেক বড় গর্বের বিষয়। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, আজ (১৪ নভেম্বর) থেকে উৎসবের অনলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধনের নির্ধারিত ওয়েবসাইট (পঃমপং.ধমধসরবাবহঃং.ড়ৎম)-এ গিয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ঘোষিত উৎসব কর্মসূচি : আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূল উৎসবের আগের দিন ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হবে। উৎসবের প্রথম দিন ২৫ ডিসেম্বর সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সৌহার্দ্য বিনিময়, স্মৃতিচারণ, শিক্ষক ও গুণীজন সংবর্ধনা, আড্ডা, মধ্যাহ্নভোজ, বিশেষ আলোচনা সভা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন। সন্ধ্যায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে থাকবে নৈশভোজের আয়োজন। দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর অনুষ্ঠানমালায় থাকছে প্রাক্তনদের স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং নৈশভোজ পর্ব।

নিবন্ধনের নিয়মাবলী ও ফি : উৎসবে অংশগ্রহণের জন্য ‘চট্টগ্রাম কলেজিয়েটস্‌’–এর আজীবন সদস্য হওয়া বাধ্যতামূলক (পূর্বের আজীবন সদস্যদের পুনরায় সদস্য হওয়ার প্রয়োজন নেই)। আজীবন সদস্য ফি ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া একক নিবন্ধনের জন্য ২,০০০ টাকা, স্ত্রীর জন্য ১,৫০০ টাকা, সন্তানের জন্য ১,০০০ টাকা এবং ড্রাইভারের জন্য ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে সকল প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকোরআন ও সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলে মানুষ বিপথগামী হবে না